সিটি নির্বাচন: সরগরম সামাজিক মাধ্যম
রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ইতিমধ্যে এ নিয়ে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। এই মাধ্যমে প্রার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এর আগে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবস্থা দেখা যায়নি। তবে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা ধরনের আলোচনা। অনেকেই এ মাধ্যমকে ব্যবহার করে প্রার্থীদের কাছে নগরবাসীর চাহিদার বিষয়গুলো জানতে চাইছেন এবং সেগুলো নির্দিষ্ট প্রার্থীর কাছে পৌঁছানো ও এ বিষয়ে প্রতিশ্রুতির ব্যাপারে জেনে নিচ্ছেন। এ পুরো বিষয়টিই পরিচালিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তালিকায় আছেন ২৩ জন। তাঁদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশ সক্রিয় আছেন সাইদ খোকন। ইতিমধ্যে তাঁর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ (www.facebook.com/Sayeed.Khokon70) থেকে চলছে নানা প্রচার।
সাঈদ খোকনের নিজস্ব ফেসবুক পেজের বাইরেও রয়েছে ‘সাঈদ খোকন ফ্যান ক্লাব’ (www.facebook.com/SayeedKhokonFanClub) নামের একটি ফেসবুক পেজ। সেখানেও চলছে তাঁর পক্ষে প্রচার। ফেসবুকের পাশাপাশি সক্রিয় আছে সাঈদ খোকনের ব্যক্তিগত ওয়েবসাইট (www.sayeedkhokon.com)। নিজের নামের এসব উদ্যোগ ছাড়াও শুধুমাত্র নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তৈরি করেছেন বিশেষ ভিডিও (http://bit.ly/1FkY8bR)। এতে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। আরেক প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনও নিজের ফেসবুক পেজে (www.facebook.com/hajisaifuddinahmedmilon) প্রচার চালাচ্ছেন। তবে এ পেজটি তেমন সক্রিয় নয়। আরেক প্রার্থী মির্জা আব্বাসের নিজস্ব ব্যক্তিগত ওয়েবসাইটেও (www.mirzaabbas.com) নেই নির্বাচন-সংক্রান্ত কোনো প্রচার। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অন্য কারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন উপস্থিতি দেখা যায়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তালিকায় আছেন ১৯ জন। তাঁদের মধ্যে একাধিক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। এ তালিকায় এগিয়ে আছেন আনিসুল হক। তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে (www.facebook.com/pages/Annisul-Huq/791089057633948) প্রচার চালানোর পাশাপাশি চালু করেছেন ‘আমরা ঢাকা’ (www.facebook.com/AmraDhaka) নামের আরেকটি উদ্যোগ। ফেসবুক ছাড়াও টুইটারেও (www.twitter.com/Amra_Dhaka) সক্রিয় এ উদ্যোগ। এ উদ্যোগের রয়েছে ওয়েবসাইটও (www.amradhaka.com)। মূলত ঢাকার বিভিন্ন নাগরিক সমস্যা, সে সমস্যার কথা ময়র প্রার্থীকে জানানো এমন নানা বিষয় তুলে ধরা হচ্ছে ‘আমরা ঢাকা’র ফেসবুক পেজে। পাশাপাশি টুইটারে ঢাকার পুরোনো ছবির পাশাপাশি কী কী উন্নয়ন হবে সে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এ উদ্যোগের রয়েছে গুগল প্লাস পেজও (http://bit.ly/1Jr9V7j)।
আরেক প্রার্থী মাহী বি চৌধুরীর ফেসবুকে রয়েছে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড পেজ (www.facebook.com/pages/Mahi-B-Chowdhury/188391377894604)। নিজের পেজেও তিনি নানা ধরনের প্রচার চালাচ্ছেন নির্বাচন নিয়ে। এ ছাড়া শুধুমাত্র নির্বাচন নিয়েই চালু করেছেন ‘প্রজন্ম শহর’ নামের একটি উদ্যোগ। এ উদ্যোগের ফেসবুক পেজে (www.facebook.com/projonmoshohor) ঢাকা নিয়ে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন তিনি। মেয়র প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি নির্বাচনকে ঘিরে চালু করেছেন বিশেষ এক উদ্যোগ। ‘আগামীর ঢাকা’ নামের এ উদ্যোগে ঢাকার বিভিন্ন বিষয়ে নিজের প্রতিশ্রুতি তুলে ধরছেন ফেসবুক পেজের (www.facebook.com/agamirdhakapage) মাধ্যমে। অন্য প্রার্থীদের ফেসবুকে প্রচার করতে তেমন একটা দেখা যায়নি।
এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেয়রপ্রার্থীদের কাছে নগরবাসীর চাওয়া সংগ্রহ করা হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। নগরবাসীর চাওয়াগুলো নির্বাচিত প্রার্থীদের কাছে পৌঁছানোরও উদ্যোগ নিয়েছে সংগঠনগুলো। এ ছাড়া টুইটারে চালু করা হয়েছে ‘আস্ক মেয়রস’ নামের একটি অ্যাকাউন্ট (www.twitter.com/AskMayors)। এতে প্রশ্ন কিংবা নগরবাসীর চাহিদা মেয়র প্রার্থীদের জানানো যাবে।