সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন, আগামী সাধারণ নির্বাচনেও বিরোধী দল অংশ নেবে। তিনি বলেন, ‘এই প্রথমবার আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল।’
আজ শনিবার গণভবনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনে ইসিকে পূর্ণ আর্থিক স্বাধীনতা দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচন চলাকালে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।’ খবর বাসসের।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করাকে খাল কেটে কুমির আনার সঙ্গে তুলনা করে শেখ হাসিনা বলেন, তাদের সামর্থ্য ও প্রজ্ঞা সম্পর্কে জনগণের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও তাদের প্রবক্তারা ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত জনগণের ভাগ্য নিয়ে অনেক খেলেছেন। তাঁদের অনেকে জনগণের সঙ্গে তামাশা করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে। তিনি বলেন, ‘সমাজের প্রত্যেকে তাঁদের অপশাসন, নির্যাতন ও ভয়ভীতির শিকার হয়েছে। তাই আমরা এবার তাঁদের একই খেলা দেখানোর সুযোগ দেব না।’
শেখ হাসিনা বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা নয়, বরং তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করাই আওয়ামী লীগের লক্ষ্য। আর এ কারণেই ২০০১ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন জাতি ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দেখেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গত সাড়ে চার বছর সরকার কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করেনি। সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কোনো প্রার্থীই এমনকি বিএনপিও এসব নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। আগামী সাধারণ নির্বাচনও একইভাবে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম, উপদেষ্টা পরিষদের সদস্য আলাউদ্দিন আহমেদ ও এস এম নূরুন্নবী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।