সিটি নির্বাচনে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া দুর্ভাগ্যজনক: গিবসন

তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট তদন্ত না হওয়াকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিকাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে রবার্ট গিবসন বলেন, ‘ওই দিন সকালে সহিংসতা ও প্রতিবন্ধকতার কোনো ইঙ্গিত ছিল না বলে ওই পরিস্থিতিকে আমি স্বাগত জানিয়েছিলাম। চেয়েছিলাম বাকিটা দিন ওভাবেই যাক। তবে সেটি ঘটেনি। সকালের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও প্রতিবন্ধকতার নজির পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, তাঁর প্রত্যাশা ছিল ওই প্রমাণের ভিত্তিতে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট তদন্ত হবে। তবে সেটি ঘটেনি, যা অত্যন্ত লজ্জার।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সমালোচনা করে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। তবে সিদ্ধান্তটি ঠিক ছিল কি ভুল সেটি জানা নেই। তাঁর মতে, দুর্নীতি এবং এ বছরের ৫ জানুয়ারির পর বিরাজমান পরিস্থিতি বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে।
রবার্ট গিবসন বিশ্ব প্রেক্ষাপটে ‘আধুনিক স্বৈরতন্ত্র’কে নতুন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, পৃথিবীজুড়ে আধুনিক স্বৈরতান্ত্রিক সরকারগুলো শুধু নির্বাহী বিভাগ ও আইনসভায় নয়, গণমাধ্যম, বিচার ব্যবস্থা, নাগরিক সমাজ, অর্থনীতি ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি আছে কী না জানতে চাইলে, তিনি এড়িয়ে যান।
ডিকাবের সভাপতি মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমাদ।