সিটি নির্বাচনে অনিয়মের স্বচ্ছ তদন্তের তাগিদ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অংশীদারত্ব সংলাপে বক্তব্য দেন ওয়েন্ডি শারমেন। শুক্রবার ঢাকায় তোলা ছবি l প্রথম আলো
অংশীদারত্ব সংলাপে বক্তব্য দেন ওয়েন্ডি শারমেন। শুক্রবার ঢাকায় তোলা ছবি l প্রথম আলো

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বাংলাদেশের পরবর্তী নির্বাচনপ্রক্রিয়াকে ব্যাপক উন্নত করতে সদ্য সমাপ্ত সিটি নির্বাচনের নানা অনিয়মে ‘স্বচ্ছ তদন্তে’র তাগিদ দিয়েছেন। তাঁর মতে, গণতন্ত্রের জন্য অনিয়মের ‘স্বচ্ছ তদন্ত’ খুবই গুরুত্বপূর্ণ।
গত শুক্রবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়েন্ডি শারমেন এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বসে এ মন্তব্য করার সময় তাঁর পাশে ছিলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়েন্ডি শারমেন বলেন, ‘আজ সকালে (শুক্রবার) অংশীদারত্ব সংলাপে ও গতকাল সন্ধ্যায় (বৃহস্পতিবার) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি। আমাকে এটা অবশ্যই বলতে হবে যে ভোটের অনিয়ম নিয়ে উদ্বেগ সম্পর্কে সবাই অত্যন্ত সোচ্চার। ভোট চলাকালে বিরোধীদের সরে দাঁড়ানোও আমাদের উদ্বিগ্ন করেছে।’
ওয়েন্ডি শারমেন বলেন, আগামী নির্বাচনকে আরও উন্নত করতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের ব্যাপারে প্রত্যেকের লক্ষ রাখা উচিত। গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত জরুরি।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বিবৃতিতে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, ‘ভোটে অনিয়ম এবং ভোটের মাঝপথে বিএনপির নির্বাচন বর্জন দুটি বিষয়েই আমরা হতাশ। সব দলের সমঝোতায় এর দীর্ঘমেয়াদি সমাধানের দিকে আমাদের নজর রয়েছে, যা সব দলকে মানিয়ে নেওয়ার সুযোগ এবং বাংলাদেশের মানুষকে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের সুযোগ করে দেবে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বেশ জোরালোভাবে তুলে ধরেন ওয়েন্ডি শারমেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অংশীদারত্ব সংলাপে বিষয়টি নিয়ে তিনি ততটা সোচ্চার ছিলেন না বলে জানিয়েছেন বাংলাদেশের কূটনীতিকেরা। বরং দুই ক্ষেত্রেই তিনি ছিলেন অনেকটা কৌশলী।
সংবাদ সম্মেলনে ওয়েন্ডি শারমেনের কাছে মার্কিন বাজারে বাংলাদেশের অবাধ বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মপরিবেশের মানোন্নয়নে বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে। তবে আরও পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে তিনি সংশোধিত শ্রম আইনের বিধিমালা জারি, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চালু এবং ট্রেড ইউনিয়ন চর্চার ক্ষেত্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ভয়ভীতি দেখানো বন্ধ করার ওপর জোর দেন।
রাজনৈতিক স্বাধীনতার ব্যাপারে মার্কিন কংগ্রেসের উপকমিটির শুনানি প্রসঙ্গে জানতে চাইলে তিনি অবগত বলে জানান মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে মার্কিন কংগ্রেসের বক্তব্য শুনে থাকি। তাঁরা সরকারের নির্বাহী বিভাগের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমাদের সবার জন্য তাঁদের কথা শোনাটা জরুরি। তাঁরা যা বিশ্বাস করেন, তা তুলে ধরার অধিকার তাঁদের আছে।’ ওয়েন্ডি শারমেন আরও বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, গভীর ও গতিশীল। আমাদের মধ্যে অনেক বিষয় আছে, যা আমাদের মাঝে সংহতি গড়ে তুলে।’
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, উন্নয়ন ও গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা—এ তিনটি ব্যাপকতর ক্ষেত্রে অংশীদারত্ব সংলাপে আলোচনা হয়েছে। তাঁর মতে, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক কখনোই এখানকার মতো ভালো ছিল না।
এদিকে মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের কাছে তিন সিটি করপোরেশন নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে ধরেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকেলে তাঁর গুলশানের বাসায় সাক্ষাৎ করেন শারমেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘ওয়েন্ডি শারমেন এমন এক সময়ে বাংলাদেশ সফরে এসেছেন, যে সময়টি বাংলাদেশের রাজনীতির গতিধারার জন্য গুরুত্বপূর্ণ। তিনটি সিটি নির্বাচন হয়ে গেছে। গণমাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছে, ওই নির্বাচনের রহস্য কারও অজানা নয়। বেগম জিয়ার সঙ্গে শারমেনের বৈঠকে এ বিষয়গুলো উঠে এসেছে।’ বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে বৈঠক করেন শারমেন।