চারটি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফলাফল একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। প্রতিকূল অবস্থায়ও ১৮-দলীয় জোটের সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অনেক হুমকি, কালোটাকা, অনিয়ম সত্ত্বেও জনগণ ভোটাধিকার প্রয়োগ করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি দাবি করেন, বিএনপির নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিজয়। সরকারের প্রতি জনগণ ‘না’ জানিয়ে দিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতান্ত্রিক সরকার হলে এবং গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে এই নির্বাচনের পরপরই সরকার পদত্যাগ করত। জনগণ যে ‘বার্তা’ দিয়েছে, তা উপলব্ধি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপির দাবি মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ১৮ দল নির্দলীয় সরকারের দাবি আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে উপস্থাপন করেছে। এর ভিত্তিতেই জনগণ রায় দিয়েছে। তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক চায়। স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়। তাই নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।গত শনিবার ভোট গ্রহণ চলাকালে বিএনপির পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে—এ বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগে কে কী বলেছেন, সেটা নিয়ে আর টানাটানি না করি। এখন এত বড় বিজয়কেই বড় করে দেখি।’ বিএনপির এ ধরনের আচরণ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ কি না, এ প্রশ্নে তিনি কোনো জবাব দেননি।