সিটি নির্বাচনে পরাজয় থেকে সরকার শিক্ষা নেয়নি: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, চারটি সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয় থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি। বরং হত্যা, গ্রেপ্তার, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দাম্ভিকতা দেখিয়ে যাচ্ছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় পুলিশ পরিচয়ে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ হাবিবুর রহমানকে গ্রেপ্তারের পর তাঁর সন্ধান না পাওয়া, সোমবার রাতে হবিগঞ্জে দলীয় কর্মী মহিবুর রহমান দুষ্কৃতকারীদের হাতে নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, দেশবাসী আশা করেছিল, চার সিটি নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে সরকার গণতন্ত্রের পথে ফিরে আসবে এবং উসকানিমূলক, প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধ করবে। গণগ্রেপ্তার, গণনির্যাতন ও রাজনৈতিক হয়রানি বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করবে। কিন্তু সরকার এখনো গ্রেপ্তার-নির্যাতন অব্যাহত রেখেছে।