সিটি নির্বাচনে পাঁচ হাজার র্যাব মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের পাঁচ হাজার সদস্য মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ রোববার রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

র‍্যাবের ডিজি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তিন সিটির বিভিন্ন ওয়ার্ডে র‌্যাবের মোট ২৬৮টি টহল দল কাজ করবে। এ ছাড়া নির্বাচনের দিন ১৩৪টি মোটরসাইকেল পেট্রোল, ৩৬টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স এবং সাদাপোশাকে ১৩৪টি দল কাজ করবে। র‌্যাব সদর দপ্তর থেকে প্রতিটি টিমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হবে।
বেনজীর আহমেদ বলেন, ভোট কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের নিরাপত্তাসহ ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রের নিরাপত্তা প্রদানেও অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাব সর্বাত্মক সহায়তা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব-প্রধান বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে র‌্যাবের সহায়তা থাকবে।
বেনজীর আহমেদ বলেন, প্রতি ওয়ার্ডে র‌্যাবের দুটি করে টহল দল মোতায়েন থাকবে। দুটি ওয়ার্ড মিলে একটি ক্লাস্টার গঠন করা হবে। এর দায়িত্বে একজন এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার একজন অফিসার থাকবেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, দুটি ওয়ার্ডের জন্য দুটি মোটরসাইকেল একযোগে টহল পরিচালনা করবে। প্রতি ব্যাটালিয়ন চারটি রিজার্ভ স্ট্রাইকিং টিম থাকবে। ফলাফল ঘোষণার সময় কেন্দ্রের নিরাপত্তার জন্য চারটি মোবাইল টিম থাকবে।
তিনি জানান, এ ছাড়া একটি করে মনিটরিং সেন্টার থাকবে। র‌্যাব সদর দপ্তর থেকে এসব কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে র‌্যাবের এডিজি (অপারেশন) জিয়াউল আহসান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, র‌্যাবের পরিচালক (অভিযান) কে এম আবুল কালাম আজাদসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।