সিটি নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশনের নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ বা বাধা থাকবে না। নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করতে পারবে ।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ যথাসময়েই শেষ হবে। এতে অর্থের কোনো রকম ঘাটতি নেই। তবে বর্ষা বাদ সাধলে ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে কাজের গতি কমে যেতে পারে। তিনি বলেন, রাস্তা খারাপ ও ফাটল রেখে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে বসে টাকা ভাগাভাগির খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, ১৫ জুন থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা, বিলবোর্ড সরিয়ে ফেলা হবে এবং মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ করা হবে। প্রয়োজনে এগুলো জেলা শহরে চলাচল করবে। নির্বাচনের বছর বলে সরকার কিছুতেই এতে ছাড় দেবে না বলে জানান মন্ত্রী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমীন, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক প্রমুখ।