সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম গতকাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাঠানটুলী এলাকায় জনসংযোগ করেন l ছবি: জুয়েল শীল
চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম গতকাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাঠানটুলী এলাকায় জনসংযোগ করেন l ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ২৮ এপ্রিল হবে ভোটাধিকার হরণের প্রতিবাদের দিন। এ দিন কোনো পেশিশক্তির ভয়ে ঘরে বসে থাকা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের সমর্থনে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের এস এস খালেদ সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান।
সভায় মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বলেন, এখনো লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি হয়নি। ২০-দলীয় জোটের কর্মী-সমর্থকদের আটক ও হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিসহ ২০-দলীয় জোটকে সিটি নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। এটি হবে প্রাথমিক বিজয়। এরপর জাতীয় নির্বাচনে হবে ২০-দলের চূড়ান্ত বিজয়।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনজুর আলম দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। তাঁর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। ভোট চুরি ও রায় পাল্টানোর যেকোনো অপচেষ্টা জনগণের প্রতিরোধে ভেস্তে যাবে।
এদিকে মনজুর আলম গতকাল সকালে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের পোস্তারপাড়, ধনিয়ালা পাড়া, দেওয়ান হাট, চৌমুহনী, পাঠানটুলী, মোগলটুলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, দুই কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম, বেগম ফাতেমা বাদশা প্রমুখ। বিকেলে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের ফলমণ্ডি, গোয়ালপাড়া, তিন পোলের মাথা, নন্দনকানন, লাভ লেইন এলাকা এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ডের লিচুবাগান, আমবাগান, আসকারদিঘী এলাকায় প্রচারণা চালান মনজুর।