সিটি নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ১৮ ম্যাজিস্ট্রেট
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রতি সিটিতে ছয়জন করে মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ম্যাজিস্ট্রেটরা আগামী ১০ এপ্রিল থেকে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে নির্দেশনা পাঠিয়েছে। দুই ডিসিকে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করে তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তাঁদের প্রতিদিনের কাজের প্রতিবেদন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।