সিটি নির্বাচনে মাঠে থাকছে না সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকছে না। তারা সেনানিবাসের ভেতরেই থাকবেন। রিটার্নিং কর্মকর্তা তলব করলে তাঁরা সেনানিবাস থেকে বেরিয়ে আসবেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
অবশ্য আগের দিন মঙ্গলবার কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী তিন সিটিতে স্ট্রাইকিং ও অতিরিক্ত বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, তিন সিটিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবুও ভোটারদের মনে স্বস্তি দিতে এবং ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে আসতে ও যেতে পারেন, সে জন্য ২৮ এপ্রিল ভোটের দিন, তার আগের দুই ও পরের দিন পর্যন্ত সেনাবাহিনী নির্বাচনের কাজে সহযোগিতা করবে।
কমিশনের সিদ্ধান্তের পর পরই মঙ্গলবার বিকেলে কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানো হয়। উপসচিব শামসুল আলমের সই করা এই চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি সিটি করপোরেশনে এক ব্যাটালিয়ন সেনা সদস্য মোতায়েন করতে হবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ও অতিরিক্ত (রিজার্ভ) বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। রিটার্নিং কর্মকর্তা ডাকলেই তাঁরা পরিস্থিতি মোকাবিলা করবেন।
গতকাল বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো সংশোধিত চিঠিতে বলা হয়েছে, সেনাবাহিনী মূলত সেনানিবাসের অভ্যন্তরে রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাঁরা পরিস্থিতি মোকাবিলা করবেন।
সেনা মোতায়েনের বিষয়ে আগের দিন সিইসি ব্রিফিং করে জানালেও গতকালের সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি।
এ বিষয়ে জানতে গতকাল রাতে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম ও উপসচিব শামসুল আলমের মোবাইল ফোনে ফোন করে তাঁদের পাওয়া যায়নি।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু কমিশনই সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই এ বিষয়ে তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে কমিশন এখন যে সিদ্ধান্ত নিয়েছে, তা নেওয়া আর না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো সময়ে গোলযোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে তলব করতে পারেন।
ফৌজদারি কার্যবিধির ১২৯ ও ১৩০ ধারা অনুযায়ী কোথাও কোনো গোলযোগ দেখা দিলে তা ছত্রভঙ্গ করার জন্য দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী তলব করতে পারবেন। তখন সেনা সদস্যরা গোলযোগকারীদের শাস্তি দেওয়ার জন্য আটক করতে পারবেন।
বিএনপি আগে থেকেই এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ কমিশনকে সাধুবাদ জানিয়েছিলেন।
এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কমিশন সেনা মোতায়েনের চাহিদা জানালেও সরকার তা আমলে নেয়নি।