সিটি নির্বাচনে লড়তে পারছেন না মিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু
বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু

আসন্ন ঢাকা সিটি উত্তর করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে পারছেন না বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু। সর্বোচ্চ আদালতে গিয়েও প্রার্থিতা ফিরে পাননি তিনি। 

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টুর করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সেই আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল রয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টুর করা রিট আবেদন গত সোমবার খারিজ করেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে আপিল করেন মিন্টু। গত মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মিন্টুর করা আবেদনের ওপর কোনো আদেশ দেননি। এতে মিন্টুর প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশটি বহাল থাকল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। মেয়র পদে নির্বাচনের জন্য তাঁর সমর্থনকারী আবদুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার নন-এই যুক্তিতে গত ১ এপ্রিল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন মিন্টু। বিভাগীয় কমিশনার শুনানি শেষে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন তিনি।

একই সিটির মেয়র পদপ্রার্থী মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। তাঁর প্রার্থিতা বৈধ হয়েছে। তাঁকে সমর্থন দেওয়ার কথা জোর দিয়ে ভাবছে বিএনপি। তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।