সিটি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত দেওয়ার আহ্বান এমাজউদ্দীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ২৮ তারিখের সিদ্ধান্ত যদি সঠিকভাবে ঢাকা ও চট্টগ্রামে গৃহীত হয়, তাহলে মাস তিনেকের মধ্যে জাতীয় নির্বাচন হতে বাধ্য।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল শনিবার এক অনুষ্ঠানে এমন মনোভাব প্রকাশ করেন এমাজউদ্দীন আহমদ। আমার দেশ বন্ধ ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দীর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমাজউদ্দীন। অনুষ্ঠানের আয়োজক আমার দেশ পরিবার। বিএনপি এবার আদর্শ ঢাকা আন্দোলনের সমর্থনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ছে। অনুষ্ঠানে প্রায় সব বক্তাই মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানে সাংবাদিক শফিক রেহমান বলেন, গত তিন মাসের আন্দোলনে যেমন সাফল্য আছে, তেমনি ব্যর্থতাও আছে। আন্দোলনকে কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন ইস্যুতে পৃথক কমিটি করে আন্দোলন করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, কলামিস্ট ফরহাদ মযহার, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক নেতা ও কবি আবদুল হাই শিকদার।
অনুষ্ঠান চলাকালে ওই পথ দিয়ে প্রচারণা চালিয়ে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মঞ্চে এসে সংহতি জানান। এ সময় তিনি মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানানোর পাশাপাশি মির্জা আব্বাসকে মেয়র পদে মগ মার্কার ভোট দেওয়ার অনুরোধ জানান।