সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সংসদে বাগবিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ এনে বিএনপি সেনা মোতায়েনের দাবি তুলেছে। জবাবে সরকারি দল তা নাকচ করে দিয়ে বলেছে, এটা অজুহাত। নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে, তা তারাই ঠিক করুক।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর হঠাত্ করেই অনির্ধারিত বিতর্কে জড়িয়ে পড়ে সরকার ও বিরোধী দল।

অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী ১৫ জুন অনুষ্ঠেয় চার সিটি করপোরেশনের নির্বাচনে সরকারি দলের মন্ত্রী, হুইপ ও সাংসদদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আনেন। তিনি এই নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি তোলেন। পরে একই দাবি জানান বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী। সরকারি দলের পক্ষে এর জবাব দেন শেখ ফজলুল করিম ও ফজলে রাব্বি মিয়া। 

শহীদ উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, অধিবেশনে যোগ দিতে বিরোধী দল সঠিক সময়ে এসেছে। কিন্তু সরকারি দলের সাংসদেরা আসেননি। সংবাদপত্রে ছাপা হচ্ছে, তাঁরা ১৫ জুনের চারটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য এসব এলাকায় আছেন। তিনি বলেন, ‘মন্ত্রী ও সাংসদেরা নির্বাচনে প্রভাব খাটানোতে ব্যস্ত রয়েছেন বলেই সংসদে কোরাম হচ্ছে না। আমরা তিনটা থেকে আছি, কিন্তু এখন পৌনে চারটা বাজে।’

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সিটি করপোরেশনের ভোটাররা আতঙ্কে আছেন। অস্ত্রের মহড়া চলছে, সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার করছে। পুলিশ নিষ্ক্রিয়। তিনি ‘দৈনিক নয়া দিগন্ত’ ও ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদাহরণ দেন। তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে চারটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি।’ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনা মোতায়েনে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আশা করি আপনি এ বিষয়ে তাগিদ দেবেন।’

এর জবাব দেন শেখ ফজলুল করিম সেলিম বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। বিএনপির পক্ষ থেকে প্রভাব বিস্তারের যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। তিনি বলেন, ‘তারা (বিএনপি) নিশ্চিতভাবে হারবে বলেই এসব অজুহাত দিচ্ছে।’ তিনি বলেন, ‘সাংসদ পত্রিকার উদাহরণ দিয়েছেন। পত্রিকার সংবাদের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় না। আর কিছু কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে সরকারকে বিব্রত করছে। আওয়ামী লীগের আমলেই অবাধ নির্বাচন হয়েছে। বিএনপির আমলে মাগুরা আর ফালু মার্কা নির্বাচনের কথা সবাই জানে।’ তিনি বলেন, কুমিল্ল­া সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের নেতা অভিযোগ করেছিলেন। পরে জয়ী হয়ে চুপ হয়ে গেছেন। পাল্টা অভিযোগ এনে তিনি বলেন, বরিশালে বিএনপির প্রার্থী সন্ত্রাসী কার্যক্রম করছেন। পুলিশ সন্ত্রাসীকে ধরার পর প্রার্থী নিজেই পুলিশের ওপর চড়াও হয়েছেন। বিএনপি হুমকি দিচ্ছে রক্তগঙ্গা বয়ে যাবে।

বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনে মন্ত্রী-সাংসদ-হুইপরা গিয়ে প্রভাব বিস্তার করছেন। বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করবে, তা পর্যবেক্ষণের জন্য সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না। তিনিও এসব পরিস্থিতির বর্ণনা করে সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

আওয়ামী লীগের ফজলে রাব্বি মিয়া জবাব দিয়ে বলেন, ‘মাগুরা স্টাইল নির্বাচন এই সরকারের আমলে একটিও হয়নি। নির্বাচনের পর বিরোধীদলীয় নেতাও সন্তুষ্ট হয়েছেন।’

ফজলে রাব্বি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। এখানে সরকার ও বিরোধী দলের কোনো হাত নেই। তিনি বলেন, ‘বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, সুষ্ঠু নির্বাচন হলে তার ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।’ তিনি বলেন, নির্বাচন কমিশনকে নির্বাচন করতে দেন, দেখা যাক তারা কী করে।