সিটি নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন নেই বলে মত প্রকাশ করেছে সহস্র নাগরিক কমিটি।
গতকাল শনিবার শাহবাগ ফুল মার্কেটে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটির পক্ষে মূল বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
সহস্র নাগরিক কমিটি ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থী আ জ ম নাছিরকে সমর্থন দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিন সিটি করপোরেশনেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কেউ কাউকে আক্রমণ করেছে বা অন্যের দ্বারা আক্রান্ত হয়েছে—এমন কোনো অভিযোগ নেই। কেবল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো কোনো পক্ষ সেনাবাহিনী মোতায়েন করার কথা বলছে।
সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটির নতুন কর্মসূচি ঘোষণা করে বলা হয়, কাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাঈদ খোকনের সমর্থনে সুধী সমাবেশ হবে। একইভাবে ২২ এপ্রিল মিরপুর চিড়িয়াখানা সড়কে একটি কমিউনিটি সেন্টারে আনিসুল হকের সমর্থনে অপর একটি সুধী সমাবেশ হবে। ২৪ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ হবে। সেদিন এক শ পায়রা পাবেন এক শ জন বরেণ্য ব্যক্তি।
সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, আনিসুল হক ও সাঈদ খোকন মুক্তিযোদ্ধার সন্তান। স্বপ্নের ঢাকা নির্মাণে এই দুজনের বিকল্প নেই।
গোলাম কুদ্দুছ বলেন, খালেদা জিয়া হেফাজতের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনী আইনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ। নির্বাচনের আগে কেন খালেদা জিয়া ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করলেন তার ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে। তিনি বলেন, নির্বাচনে অপপ্রচার ও মিথ্যাচার নিষিদ্ধ। কিন্তু পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে। এর ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে।