সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের শর্ত শিথিলের পক্ষে কমিশন
সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য শর্ত শিথিল করার পক্ষে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারদের স্বাক্ষর জমা দেওয়াসংক্রান্ত বিধান আরও সহজ করা, এমনকি এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার পক্ষেও মত দিয়েছেন কমিশনের কোনো কোনো সদস্য।
তবে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এখনো বিধানটি রাখা, না রাখা বা সহজ করার ব্যাপারে একমত পোষণ করতে না পারায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত রোববার নির্বাচন কমিশনের এক সভায় এই ধারা নিয়ে আলোচনা হয়। এ নিয়ে আরও আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন ওই বৈঠকে জানিয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কমিশনারদের একটি পক্ষ প্রার্থী হতে নির্দিষ্টসংখ্যক সমর্থক ভোটারের স্বাক্ষর জমার শর্তটি বাদ দিতে চাইছে। আবার একটি পক্ষ চাইছে কমসংখ্যক ভোটারের স্বাক্ষর জমার বাধ্যবাধকতা রাখতে। ওই কর্মকর্তা বলেন, কমিশন সচিবালয়ের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত এক হাজার ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।
দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন করার আইন পাস হলেও এখন পর্যন্ত কোনো সিটি করপোরেশনে এই আইনের আওতায় নির্বাচন হয়নি। অবশ্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হয়েছে। চলতি বছরের শেষ দিকে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ওই নির্বাচনের জন্য বিধি ও আচরণবিধি সংশোধনের কাজ শুরু করেছে কমিশন।
কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, কমিশনের কেউ কেউ চাইছেন ৫০০ বা ২০০ স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখতে। আবার কেউ কেউ শর্তটি বাদ দেওয়ার পক্ষে বলেছেন।
দলীয় ভিত্তিতে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১০০ জন ভোটার সমর্থনের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এই বাধ্যবাধকতা ছিল না।
সচিবালয়ের একজন কর্মকর্তা বলেছেন, কমিশন মনে করে শর্ত রাখা ঠিক হবে না। তবে এমন মতও এসেছে, একেবারেই শর্ত না থাকলে প্রার্থীর ছড়াছড়ি হবে। তাই ২০০ বা ২৫০ স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পক্ষে কমিশনের সব সদস্যকে নমনীয় মনে হয়েছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
এ ছাড়া কমিশনের সভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সমালোচিত প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।