সিটি নির্বাচনে 'টাকার প্রচার' উৎসব চলছে বলে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে টাকার প্রচার-উৎসব চলছে বলে অভিযোগ করেছে সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থীদের সমর্থনে গঠিত নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থীদের সমর্থনে এই নাগরিক কমিটি গঠিত হয়েছে। কমিটির সমর্থনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী এবং দক্ষিণ সিটি করপোরেশনে বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ মেয়র পদে নির্বাচন করছেন।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক কামাল লোহানী অভিযোগ করেন, কোথাও কোথাও থেকে সন্ত্রাসী ঘটনার খবর আসছে। নির্বাচনে আঞ্চলিকতা ও সাম্প্রদায়িক প্রচার বন্ধ হয়নি।
নির্বাচনের দিন ঘনিয়ে এলে এসবের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কামাল লোহানী। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে শক্ত হাতে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কমিশন তা করতে ব্যর্থ হলে নির্বাচন প্রশ্নবোধক হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ অভিযোগ করেন, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিশাল আকৃতির ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আকৃতির চেয়ে বড়। লালবাগে সিপিবি ও বাসদ-সমর্থিত প্রার্থীর প্রচারে হামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ৭১ সদস্যের এই নাগরিক কমিটির সদস্যদের মধ্যে ড. শফিউদ্দিন আহমেদ, অধ্যাপক এ এন রাশেদা, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, চঞ্চলা চাকমাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।