সিটি নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক আজ রোববার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করবেন।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, সে বিষয়ে আজ বেলা ১১টার এ বৈঠকে সিদ্ধান্ত হবে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
বৈঠকের কার্যপত্রে প্রস্তাব করা হয়েছে, ভোটের দুই দিন আগে ও এক দিন পরে, মোট চার দিন তিন সিটির নির্বাচনী এলাকায় টহলে থাকবে ৩২ প্লাটুন বিজিবি। নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য ২৮৬ জন নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হবে। তাঁদের সঙ্গে থাকবে র্যাব ও পুলিশ। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলিয়ে ২২ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৪ জনের বাহিনী মোতায়েন করা হবে।
বহিরাগত ব্যক্তিদের এলাকা ত্যাগের বিষয়ে কার্যপত্রে বলা হয়েছে, ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে যাঁরা সিটি এলাকার বাসিন্দা নন বা ভোটার নন, তাঁরা এই তিন সিটি এলাকায় থাকতে পারবেন না। ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে ও পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল তিন সিটিতে ভোট গ্রহণ হবে।