সিটি নির্বাচনের আগে নিয়োগ-বরাদ্দ বন্ধের দাবি বিএনপির
সিটি নির্বাচনের আগে ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ, দোকান বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বন্ধ রাখার দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
রিপন বলেন, আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নকাজ বা নিয়োগ দেওয়া যায় না। কিন্তু ঢাকায় তা মানা হচ্ছে না। ১০৯ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সরকার ধরে নিয়েছে ২৮ এপ্রিলের নির্বাচনে তাদের ব্যাপক ভরাডুবি হবে। জনগণ তাদের ভোট দেবে না। এ কারণে ডিসিসি ‘এপ্রিল ফাইনালে’ ব্যস্ত। কারণ মে মাসে নতুন নির্বাচিত প্রতিনিধিরা আসবেন।
‘এপ্রিল ফাইনাল’ এর ব্যাখ্যা দিতে গিয়ে রিপন বলেন, ঠিকাদারদের মধ্যে একটি শব্দ প্রচলিত আছে, তা হলো জুন ফাইনাল। জুন মাস শেষ হওয়ার আগেই প্রকল্পের বরাদ্দের টাকা শেষ করতে হবে। কাজ করুক না করুক, তারা বরাদ্দের টাকা শেষ দেখায়। ডিসিসি সেভাবেই ‘এপ্রিল ফাইনাল’ করছে। রিপন অভিযোগ করেন, নতুন যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন তাঁদের পথ কণ্টকাকীর্ণ করতে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে।
রিপন আরও অভিযোগ করেন দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনে বিএনপি কোনো অভিযোগ করছে না কেন?-এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, বিএনপি প্রার্থীদের নৈতিক সমর্থন দিয়েছে। বিএনপি সরাসরি নির্বাচন করছে না। তাই এ অভিযোগগুলো প্রার্থীরা বা তাঁদের এজেন্টরা অথবা আদর্শ ঢাকা আন্দোলন নির্বাচন কমিশনে অভিযোগ আকারে তুলে ধরবে। ইতিমধ্যে কয়েকটি অভিযোগ তুলে ধরা হয়েছে বলেও তিনি জানান।