সিটি নির্বাচনের আগেই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের আগেই তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি উঠেছে।গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচজন সাংসদের মধ্যে শুধু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের আবদুল্লাহ আল কায়সার উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে এ সভায় সাংসদ আবদুল্লাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণভাবে করতে হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় ফুটওভারব্রিজ নির্মাণেরও দাবি জানিয়েছেন।জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদের উল্লেখ করে বলেন, চাষাঢ়া রেলস্টেশনের পাশে ৩০ কোটি টাকা মূল্যের ১৯০ শতাংশ মূল্যবান অর্পিত সম্পত্তিতে অবৈধভাবে ঘর তুলে মাসে তিন-চার লাখ টাকা আদায় করছেন দখলদারেরা। সেখানে চলছে মাদক ব্যবসা। রাতে বাড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের স্বার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।মো. শহীদুল্লাহ আরও বলেন, শহরের মণ্ডলপাড়ায় সিটি করপোরেশনের রাস্তা দখল করে অবৈধ ট্রাকস্ট্যান্ড ও মীর জুমলা রোড দখল করে বাজার বসানো হয়েছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিলবোর্ড ও ব্যানার টাঙিয়েছেন। তিনি বলেন, ফতুল্লা থানার বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বুড়িগঙ্গা থেকে ১২ সেপ্টেম্বর রাতে ৭০০ বস্তা সিমেন্টসহ ডাকাত সুলতানকে গ্রেপ্তার করলেও ঘুষের বিনিময়ে ছেড়ে দেন।জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অপর সদস্য আবদুল হাই বলেন, শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল পর্যন্ত বাসভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছে। তিন মাস ধরে এ নৈরাজ্য চলছে। এটা বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক জি এম ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে লাশ কাটার কোনো ঘর নেই। এর জন্য ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী মর্গে ছুটতে হয়। এতে ভুক্তভোগীদের সময় ও অর্থ দুটিরই অপচয় হয়।সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, উপজেলায় টিআর ও কাবিখার বরাদ্দ কম দেওয়া হচ্ছে। চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক মিঞা আলাউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের বনানী, হীরা, লাভলী, রঙধনু ও গোধূলী সিনেমা হলে সেন্সরবিহীন অশ্লীল ছবি প্রদর্শন করা হচ্ছে। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শিরিন সুলতানা অনুমোদনহীন কোচিং সেন্টার বন্ধের দাবি করেছেন।