সিটি নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘যেসব বুদ্ধিজীবী বলতেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের, গণতন্ত্রের এবং সাংবিধানিকতার জয় হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সোমবার বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন বইটি প্রকাশ করেছে। বইটি বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বক্তৃতার মানবাধিকার দর্শন ও সংবাদ-ভাষ্যের ওপর ভিত্তি করে রচিত হয়েছে।

মিজানুর রহমান বলেন, অধিকার আদায় করতে হলে নিজেকে চিনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষকে তাদের নিজস্ব অবস্থান সম্পর্কে জানতে সহায়তা করেছেন। মানবাধিকার রক্ষা করতে হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বঙ্গবন্ধুর জীবনের সত্যগুলো জীবন থেকে হারিয়ে যেতে বসেছে বলে এখন রাজনৈতিক সংকটে পড়তে হচ্ছে।

বই নিয়ে আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সংগ্রাম ছিল মানবতার পক্ষের সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু মূলত মানুষের মানবাধিকার রক্ষায় আজীবন কাজ করে গেছেন। তিনি নিজের স্বার্থে কখনো আন্দোলন-সংগ্রাম করেননি। দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ করতেন।

বই নিয়ে আলোচনায় অংশ নেন আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম, বইটির সংকলক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও রহমত উল্লাহ। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।