সিটি নির্বাচনের হার রাজনৈতিক হার নয়:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার জন-আতঙ্কে ভুগছে না, বরং বিরোধী দল আন্দোলনের নামে যে সহিংসতা করছে, এর আতঙ্কে ভুগছে। তিনি বলেন, বিরোধী দল ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু সিটি করপোরেশনের নির্বাচনের হার রাজনৈতিক হার নয়।

গতকাল শনিবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশ্নোত্তর পর্বে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল সিটি করপোরেশন নির্বাচনে বিশাল জয় পেয়েছে। যে কারণে আত্মপ্রেমে আত্মহারা।

ওবায়দুল কাদের বলেন, বিগত নয়টি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন। যদিও নারায়ণগঞ্জ ও রংপুরে আওয়ামী লীগ-সমর্থক জিতেছেন, কিন্তু তাঁরা দলের সমর্থিত প্রার্থী ছিলেন না। নির্বাচনী হার রাজনৈতিক হার নয়। যাঁদের রাজনৈতিক কমিটমেন্ট আছে, তাঁরা হারজিত বড় করে দেখেন না।

মন্ত্রী বলেন, জোয়ার-ভাটার দেশে এমন অনেক কিছুই হয়। কখন কার পক্ষে কোন ইস্যুতে কে এগিয়ে যাবে, এটা বলা যাবে না। আমেরিকার নির্বাচনের কিছুদিন আগেও বারাক ওবামা পিছিয়ে ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হওয়ার বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘২৫ অক্টোবরের পর সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাহলে আমরা কেন নির্বাচনে যাব না? সংবিধান অনুযায়ী, আগামী নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই।’

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খালেদ রহিম, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম হাজারীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।