সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ‘স্বার্থে’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গতকাল রোববার গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললে ছাত্রলীগও ধর্মঘট আহ্বান করে। এ অবস্থায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে দুপুরে ধর্মঘট আহ্বানকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় আওয়ামী লীগের নেতারা সিটি নির্বাচন সুষ্ঠু রাখতে ছাত্রলীগের ওই অংশের নেতা-কর্মীদের ধর্মঘট স্থগিত রাখার পরামর্শ দেন। পরে তাঁরা ১৬ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি বাতিল করে পুনর্গঠন, ছাত্রলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রলীগ নেতা রণজিৎ দেবের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গত ১২ মে ছাত্রলীগের একাংশ ধর্মঘট আহ্বান করেছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বলেন, ‘১৬ জুনের মধ্যে দাবি না মানলে ফের ধর্মঘট আহ্বান করা হবে।’