সিটি সেন্টার নির্মাণে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের পুরোনো ভবনের স্থলে ১৬ তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। এদিকে সিটি সেন্টারের সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।এই নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে ‘এনা প্রপার্টিজ’। এটি রাজশাহীর বাগমারা আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান। ২০০৯ সালের ১০ অক্টোবর সিটি সেন্টার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ৩৬ মাসের মধ্যে এই নির্মাণ শেষ করার কথা। এরই মধ্যে ২১ মাস পার হয়ে গেছে। ১৬ তলা ভবনের ফাউন্ডেশন নির্মাণই শেষ হয়নি। কয়েক মাস নির্মাণকাজ একেবারেই বন্ধ ছিল। গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন মিস্ত্রি ফাউন্ডেশনের রড বাঁধার কাজ করছেন।রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর এনা প্রপার্টিজ সিটি করপোরেশনের কাছে সিটি সেন্টারের সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নি করে নেওয়ার জন্য আবেদন করে। সিটি করপোরেশন এই সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া যায় কি না, তা জানার জন্য তাদের আইনজীবী নজরুল ইসলামের কাছে এনার আবেদনের নথি জমা দেয়। নজরুল ইসলাম বলেন, তিনি সিটি করপোরেশনকে এই পাওয়ার না দেওয়ার জন্য সাবধান করেছেন।সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, কাটাখালীতে একটি রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের কাজ একই সঙ্গে করার কারণে তারা আর্থিক সংকটে পড়ে সিটি সেন্টারের জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পাওয়ার অব অ্যাটর্নি করার জন্য আবেদন করেছিল। কিন্তু সিটি করপোরেশন এটা দিতে পারে না। তবে ইতিমধ্যে তারা তাদের অন্য জমি বন্ধক রেখে ঋণের ব্যবস্থা করেছে।এনা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ এনামুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, কয়েকজন কমিশনার কাজ বিলম্বিত করার চেষ্টা করছেন। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করার ব্যাপারে অনিশ্চয়তার কথা স্বীকার করে তিনি বলেন, হয়তো ৮০ শতাংশ কাজ শেষ হবে। সিটি সেন্টারের জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার জন্য পাওয়ার অব অ্যাটর্নি নেওয়ার চেষ্টার কথা তিনি সরাসরি স্বীকার না করে বলেন, ঋণ নেওয়ার জন্য নয়, নির্মিতব্য দোকানঘর বিক্রি করার জন্য পাওয়ার অব অ্যাটর্নি দরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন তাঁকে পাওয়ার দিয়ে দেবে।সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক বলেন, দোকান বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি দিতে হবে, চুক্তিতে এমন কথা নেই।সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে সাংসদের প্রতিষ্ঠানটিই একমাত্র দরপত্রটি জমা দেয়। এনা প্রপার্টিজকে ৭৫ শতাংশ শেয়ার দেওয়ার চুক্তিতে রাজশাহী সিটি করপোরেশন ভবন নির্মাণের বিষয়টি অনুমোদন দেয়। ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে পুরোনো সিটি ভবনটি ভাঙার কাজ শুরু হয়।