সিটি স্ক্যানার পাঁচ মাস ধরে নষ্ট, অন্যগুলোও নড়বড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান যন্ত্রটি পাঁচ মাস ধরে অচল পড়ে আছে। এ বিভাগের অধিকাংশ যন্ত্রই রোগ নির্ণয় সঠিকভাবে হয় না বলে হাসপাতাল থেকে রোগীদের বাইরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান যন্ত্রটি পাঁচ মাস আগে অচল হয়ে পড়ে আছে। সিটি স্ক্যানের জন্য রোগীদের হাসপাতালের বাইরে পাঠাতে হয়। সাধারণত এ ধরনের রোগীকে হাসপাতালের বাইরে টেনে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো অনেক ঝুঁকিপূর্ণ। গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে রাত ১১টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আসাদুজ্জামানের স্ত্রী হালিমা বেগম সে সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামীর প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল। কিন্তু কোনো নার্স কিংবা চিকিৎসক সেবা দেননি। সকালে তাঁর সিটি স্ক্যান করার জন্য পাঠানো হয়। সিটি স্ক্যান করে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বিনা চিকিৎসায় আসাদুজ্জামানের মৃত্যুর অভিযোগ এনে রোগীর স্বজনেরা শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর চড়াও হয়। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। রোগীর স্বজনেরা দরজা ভাঙার চেষ্টা করে। সে সময় ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিৎসকেরা সাংবাদিকদের বলেন, হাসপাতালের সিটি স্ক্যান, ইসিজি ও এক্স-রে যন্ত্র—এমনকি ওয়ার্ডের টেলিফোনটাও নষ্ট হয়ে আছে। এ জন্য তাঁরা সময়মতো চিকিৎসা দিতে পারছেন না। তাঁরা বলেন, সিটি স্ক্যান যন্ত্রটি ঠিক থাকলে রোগীকে হাসপাতালের বাইরে নিতে হতো না। অথবা রাতেই হাসপাতালের ভেতরে পরীক্ষা করা যেত। নষ্ট যন্ত্রপাতি মেরামত, জরুরি ওষুধ সরবরাহ ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২৫ ফেব্রুয়ারি কর্মবিরতি করেন। রাজশাহীর বাঘা উপজেলার ফতিয়ার দাঁইড় গ্রামের আকবর আলী তাঁর ভাই আজমল হুদার মাথায় গুরুতর ক্ষত নিয়ে গত ৫ মার্চ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসকেরা পরের দিন সকাল আটটার মধ্যে একটি সিটি স্ক্যান রিপোর্ট চান। আকবার আলী বলেন, তাঁর ভাই একেবারে অচেতন, তাঁর মাথায় ১১টি সেলাই দিতে হয়েছে। এই অবস্থায় তাঁকে টেনে আবার বাইরে নিয়ে গিয়ে একটি ক্লিনিকে সিটি স্ক্যান করাতে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় সরকারি হাসপাতালে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকাটা অত্যন্ত দুঃখজনক। বিভাগ সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান যন্ত্রটি ২০০৫ সালের প্রথম দিকে কেনা। অচল হওয়ার পর যন্ত্রটি মেরামত করে দেওয়ার জন্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। সিটি স্ক্যান ছাড়াও বিভাগের অন্য যন্ত্রগুলো দিয়ে ঠিকমতো রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে এমআরআই যন্ত্রটির ছবির রেজ্যুলেশন কমে গেছে। এটিও ২০০৫ সালের যন্ত্র। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর কার্যক্ষমতা কমে গেছে। এ জন্য চিকিৎিসকেরা সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য রোগীদের সাধারণত বাইরে পাঠিয়ে থাকেন। সাত-আট বছর আগের তিনটি আলট্রাসনোগ্রাম যন্ত্রেরও একই অবস্থা।বিভাগের একজন চিকিৎসক বলেন, স্ট্রোক করার পরে ও মাথায় আঘাতজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় যেসব রোগী হাসপাতালে আসে, তাদের সিটি স্ক্যান করাতে হয়। অথচ তাদের আবার টেনে-হিঁচড়ে হাসপাতালের বাইরে পরীক্ষার জন্য নিয়ে যেতে হয়। বিভাগে সব আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মতো অবকাঠামোও নেই। একটি কক্ষের ভেতরে দেয়াল তুলে ছোট ছোট খুপরিঘর বানিয়ে তার ভেতরে কাজ করতে হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার হাসপাতালের পরিচালক মঈন উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে সংযোগ পাওয়া গেলেও তিনি ধরেননি।