সিটিং সার্ভিস বন্ধ, স্বাগত সড়কমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গণপরিবহনে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল সার্ভিস নামে চলাচল বন্ধে মালিকদের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সিটিং সার্ভিস করা হয়েছে শুধু অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। মালিকেরাই এটা করেছিলেন, এখন তাঁরাই তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি এটা কার্যকর হবে।’
গতকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়কমন্ত্রী আরও বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে মোটরযান আইন যুগোপযোগী করা হচ্ছে। এটা মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। এরপর জাতীয় সংসদে তোলা হবে।
মালিকেরা অপরাধ করেও শাস্তি পান না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোটরযান আইনে শুধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। চালকদের পাশাপাশি মালিকদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া যায়, নতুন আইনে তা সংযোজন করা হবে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেখানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন রয়েছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতই সমাধান নয়। গণপরিবহনে শৃঙ্খলা এনে যাত্রীদের ভোগান্তি কমানো যানবাহনের মালিক, শ্রমিক ও সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া সম্ভব নয়।