সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া কমেনি, বেড়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে িসটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত, অন্যদিকে ভয়ে অনেক মালিক বাস বসিয়ে রেখেছিলেন। ফলে সব বাসেই ছিল যাত্রীতে ঠাসাঠাসি। ছবিটি গতকাল রাজধানীর আসাদগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
একদিকে িসটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত, অন্যদিকে ভয়ে অনেক মালিক বাস বসিয়ে রেখেছিলেন। ফলে সব বাসেই ছিল যাত্রীতে ঠাসাঠাসি। ছবিটি গতকাল রাজধানীর আসাদগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঢাকায় ‘সিটিং সার্ভিস’ নামে চলাচলকারী বাস-মিনিবাসের প্রায় সবই এখন যত্রতত্র (লোকাল) যাত্রী তোলা শুরু করেছে। তবে ভাড়া কমেনি। সিটিং সার্ভিসের সমানই ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। এতে গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে বাসে ঠাসাঠাসি করে যাত্রী তোলার কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন নারী, শিশুসহ অন্য যাত্রীরা।

সিটিং সার্ভিস বন্ধ ও নগর পরিবহনে শৃঙ্খলা আনার লক্ষ্যে গতকাল রাজধানীতে পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় বাস-মিনিবাস সিটিং সার্ভিস নামে চলছে কি না, ভাড়ার তালিকা আছে কি না, বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

প্রায় দেড় কোটি মানুষের ঢাকায় প্রতিদিন প্রায় ৫ হাজার বাস-মিনিবাস চলাচল করে। পরিবহন মালিকেরা বলছেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এড়াতে গতকাল ২৫-৩০ শতাংশ বাস-মিনিবাস চলেনি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোক বলেন, নিজেদের তিনটি দল ঘুরে ও যাত্রীদের অভিযোগ থেকে বোঝা যাচ্ছে, সিটিং সার্ভিস বন্ধের পরের দুই দিন যাত্রীদের উপকার হয়নি। মালিকেরা ভাড়া ও যাত্রী দুটিই বেশি নিয়েছেন। সরকার ও মালিক সমিতি মাঠে আছে, এটা ভালো দিক। এখন যাত্রীদের ঠকানো বন্ধ হলেই অভিযান সার্থক হবে।

গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পল্লবী, মিরপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, তেঁতুলিয়া, আকিক, নূরে মক্কা, জাবালে নূরসহ বেশ কিছু কোম্পানির অনেক বাস বন্ধ রাখা হয়েছে। দুপুরে মোহাম্মদপুরে ভূঁইয়া ও স্বাধীন পরিবহনের অনেক বাসও যাত্রী তোলেনি, দাঁড়িয়ে ছিল। একই সময় ফার্মগেট, মিরপুর-১০, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট এলাকায় অনেক মানুষকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বাড়তি ভাড়া ও দুর্ভোগের কারণে যাত্রীদের অনেকেই অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। শেওড়াপাড়ার চাকরিজীবী আবিদুল ইসলাম ফার্মগেটে নেমে প্রথম আলোকে বলেন, তিনি হিমাচল পরিবহনে নিয়মিত যাতায়াত করেন। আসনের অতিরিক্ত যাত্রী তোলা হতো না, থামতও সীমিত কয়েকটি স্থানে। সিটিং সার্ভিসে শেওড়াপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া নেওয়া হতো ২৫ টাকা। গতকাল ভাড়া নেওয়া হয়েছে আগেরটাই, সঙ্গে পথে ডেকে ডেকে যাত্রী তোলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স জেসমিন আরার অভিযোগ, সিটিং সার্ভিসে অভ্যস্ত বলে গতকাল ভিড় ঠেলে বাসে উঠে তিনি অস্বস্তিতে পড়েন। তিনিসহ অনেক নারীকে আসন পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, আসন পূর্ণ হলে আর যাত্রী না তোলার বিষয়টি নিশ্চিত করতে হবে। নয়তো নারীদের দুর্ভোগ আরও বাড়বে।

অবশ্য সিটিং সার্ভিস বন্ধ হওয়ার কারণে স্বল্প দূরত্বের যাত্রীরা খুশি। দুপুরে শাহবাগে ফেরদৌস সজীব নামের এক যাত্রী বলেন, সিটিং সার্ভিসের কারণে অনেক বাসেই আগে যেখানে-সেখানে যাত্রী ওঠার সুযোগ পেত না। এখন আসন পূর্ণ হয়ে গেলেও যাত্রী তোলা হচ্ছে। স্বল্প দূরত্বে ভাড়াও কমেছে। একই কথা বললেন একটি মোটরসাইকেল দোকানের কর্মচারী রেজওয়ান।

সকালে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিআরটিএর অভিযান পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত অভিযান চলবে। সবাই নিয়মের মধ্যে এলে সমস্যা থাকবে না। যাত্রীদের ভোগান্তি রোধেই অভিযান শুরু করা হয়েছে।

গত শনিবার থেকে বাস-মিনিবাসের সিটিং, গেটলক ও স্পেশাল সার্ভিস ব্যবস্থা বন্ধের সিদ্ধান্ত নেয় মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে যাত্রীদের অভিযোগ, সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহর পরিবহন কোম্পানি বসুমতিতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। গাবতলী থেকে আবদুল্লাহপুর পথে এই পরিবহনের বাস চলে। মিরপুরের কালশী থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এই পরিবহনে ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা অস্বাভাবিক।

এ বিষয়ে খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, কিছু বাসে ভাড়ার তালিকা ছিল না। কিছু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। তিনি বলেন, ‘আমি বসুমতির চেয়ারম্যান হলেও অন্যরা চালান। আমি লোকাল ভাড়া নিতে আগেই নির্দেশ দিয়েছি। গণমাধ্যমে অভিযোগ আসার পর খোঁজ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পাইনি।’

হঠাৎ করে সিটিং সার্ভিস বন্ধ করার পেছনে মালিকদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিআরটিএ, সাধারণ মালিক ও পুলিশ সূত্র বলছে, অতীতে সিটিং সার্ভিসের নামে ভাড়া বৃদ্ধির পর তা লোকালে পরিণত করে আগের ভাড়াই আদায় করেন মালিকেরা। সরকারকে আবার ভাড়া বৃদ্ধির চাপ দেওয়ার কৌশলও থাকতে পারে।

আইন এবং ঢাকার বাস্তবতা

মোটরযান আইনে সিটিং সার্ভিস বলে কিছু নেই। চালকের আসনসহ মিনিবাসে ৩১টি আসন থাকবে। এর বেশি আসন হলে তা বাস। আর বিআরটিএ পরিবহন খাতের ২০টি বিষয়ে ব্যয়ের খাত বিশ্লেষণ করে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করে। সর্বশেষ ব্যয় বিশ্লেষণে প্রতিটি বাস-মিনিবাসের ৮০ শতাংশ আসন পূর্ণ হয়ে চলাচল করবে। এই হিসাবে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আর মিনিবাসে ৫ টাকা ও বড় বাসে ৭ টাকা সর্বনিম্ন ভাড়া।

এই নিয়ম মানা হলে সরকার-নির্ধারিত ভাড়া পরিশোধ করে প্রত্যেক যাত্রীই আসনে বসে যাতায়াতের নিশ্চয়তা পাওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু বাস সিটিং সার্ভিস নাম করে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছে। আর লোকাল নামে চলা বাস-মিনিবাসে প্রায় সারা দিনই দাঁড়িয়ে ঠাসাঠাসি করে যাত্রী যাতায়াত করে।

জানতে চাইলে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বাস মালিক সমিতির নেতারা আমাদের কথা দিয়েছেন, এখন থেকে বাড়তি ভাড়া তাঁরা নেবেন না। সব বাসে ভাড়ার তালিকা থাকবে। আমরা অভিযানে এই বিষয়গুলো দেখছি।’

গতকাল আসাদগেট, আগারগাঁও, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ও যাত্রাবাড়ীর চাংপাই রেস্তোরাঁর সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন। চারজনকে কারাদণ্ড দেন।

আগারগাঁওয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া হাকিম মুনিবুর রহমান বলেন, অগ্রদূত, বিকল্প ও শিকড় পরিবহনের কিছু বাসে ভাড়ার তালিকা পাওয়া যায়নি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও ছিল। তবে সিটিং সার্ভিস নামে চলতে দেখা যায়নি। সাড়ে ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।