সিটিতে যুক্ত ৮ ইউনিয়ন নিয়ে মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যুক্ত হওয়া নতুন আটটি ইউনিয়নকে নিয়ে মহাপরিকল্পনা করেছে ডিএনসিসি। ইতিমধ্যে এই ছয়টি ইউনিয়নকে ১৮টি ওয়ার্ডে ভাগ করে সীমানা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আটটি করে ইউনিয়ন যুক্ত করার সিদ্ধান্ত হয়। ডিএনসিসির সঙ্গে যুক্ত হওয়া ইউনিয়নগুলো হলো—বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
ডিএনসিসি জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এলাকাগুলোর ভূমি ব্যবহারের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই মহাপরিকল্পনা করা হয়েছে। তবে ইউনিয়নগুলোতে এখনো ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম চলছে। ইউপির কাঠামো ভেঙে দেওয়ার পর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন দেওয়া হবে।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা মহিউদ্দিন কবির বলেন, ইউনিয়নগুলোকে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা করছে ডিএনসিসির প্রকৌশল বিভাগ।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ডিএনসিসি এলাকার আগের আয়তন ছিল ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার। এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হওয়ায় উত্তর সিটির আয়তন দাঁড়িয়েছে ১৯৬ দশমিক ২২৮ বর্গকিলোমিটারে। নতুন যুক্ত হওয়া এই আটটি ইউনিয়নের আয়তন ১১৩ দশমিক ৫৯ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, নতুন আটটি ইউনিয়ন যুক্ত হওয়ার পরে উত্তর সিটি করপোরেশনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৩১৯ জনে।
ডিএনসিসির এক কর্মকর্তা বলেছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সময়সাপেক্ষ। তবে মহাপরিকল্পনার আওতায় সড়কের আয়তন নির্ধারণ, বিদ্যুৎ ও পানির সংযোগ, পয়োনিষ্কাশন, খেলার মাঠ, পার্ক, জলাধার সংরক্ষণ, সড়ক ও অলিগলিতে সড়কবাতির খুঁটি স্থাপন, ওয়ার্ড কার্যালয় স্থাপন, হোল্ডিং ট্যাক্স নির্ধারণ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে। তবে কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়িত হবে, তা জানাতে পারেননি তিনি।
নতুন ১৮ ওয়ার্ড: ডিএনসিসি সূত্র জানায়, বাড্ডা ইউনিয়নকে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, ভাটারা ইউনিয়নকে ৩৯ ও ৪০ নম্বর, সাতারকুল ইউনিয়নকে ৪১ নম্বর, বেরাইদ ইউনিয়নকে ৪২ নম্বর, ডুমনি ইউনিয়নকে ৪৩ নম্বর ওয়ার্ড করা হয়েছে। উত্তরখান ইউনিয়নকে ভেঙে ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড করা হয়েছে। এভাবে দক্ষিণখান ইউনিয়নকে করা হয়েছে চারটি ওয়ার্ডে। ওয়ার্ডগুলো হলো ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড। হরিরামপুর ইউনিয়নকে ভেঙে ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড করা হয়েছে। এই ১৮টি ওয়ার্ড যুক্ত হলে ডিএনসিসির ওয়ার্ড সংখ্যা হবে ৫৪টি।
ডিএনসিসির প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা বলেন, এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি। প্রতিটি এলাকা ঘিঞ্জি, অলিগলি, সরু পথ, এবড়োখেবড়ো সড়ক খানাখন্দে ভরা। নতুন এলাকার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।