সিটিভির মহাব্যবস্থাপকের অপসারণ চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) মহাব্যবস্থাপক জ্যঁ নেসার ওসমানের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শিল্পী-সাংস্কৃতিক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রে কোনো সংগীতানুষ্ঠান হয় না বললেই চলে। চার মাস ধরে জ্যেষ্ঠ ও প্রকৃত শিল্পীরা কোনো অনুষ্ঠান পাচ্ছেন না। বর্তমান মহাব্যবস্থাপক ও তাঁর সময়ে অবৈধ নিয়োগ পাওয়া কর্মকর্তারা এই কেন্দ্রটিকে লুটপাটের আখড়ায় পরিণত করেছেন বলে তাঁরা অভিযোগ করেন। জ্যঁ নেসার ওসমানের অপসারণ ও তাঁর সময়ে নিয়োগ দেওয়া ৪৬ জনের নিয়োগ বাতিলেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগীত পরিচালক মিহির নন্দী, বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মো. কায়সারুল আলম, সহসভাপতি শেখ শহীদুল আনোয়ার, মো. মোস্তফা কামাল, মঞ্চ সংগীত শিল্পী সংস্থার আলাউদ্দিন তাহের, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সাইফুল আলম, শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান প্রমুখ।
মানববন্ধনে করা অভিযোগের বিষয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক জ্যঁ নেসার ওসমান মুঠোফোনে বলেন, ‘আমি আসার আগে একটি দুর্নীতিগ্রস্ত চক্র সব অনুষ্ঠান নিয়ন্ত্রণ করত। এখন সেসব অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হয়েছে। সে কারণে ওই দুর্নীতিগ্রস্ত চক্রটি মাথাচাড়া দিয়ে উঠছে।’