সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে নেমেছিল সংগীতের মূর্ছনা। ছিল নৃত্যের ঝংকার। গ্যালারিতে হাজারো দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের অষ্টম আসর। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’ শিরোনামে এই আয়োজনের শুরু হয়েছিল ভারতের কলকাতায়। বাংলা গানের দুই দিকপাল শিল্পী রুনা লায়লা ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে আজীবন সমঞ্চাননা দেওয়ার মাধ্যমে শেষ হলো চট্টগ্রামে। গতকাল অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হয় চট্টলার বীরত্বগাথার কাহিনি। এরপর চোখ ধাঁধানো মঞ্চে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন চট্টগ্রামের তিন খ্যাতিমান শিল্পী পার্থ বড়ুয়া, রবি চৌধুরী ও কান্তা নন্দী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী। প্রয়াত সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর দেখানো হয় বিগত দিনে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। এবার ১৩টি বিভাগে এবং শ্রোতাদের ভোটে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কারপ্রাপ্তরা হলেন: আধুনিক সংগীতে সাবিনা ইয়াসমীন, রবীন্দ্রসংগীতে রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুলসংগীতে ফেরদৌস আরা, লোকসংগীতে ফরিদা পারভীন, ব্যান্ড সংগীতে নেমেসিস, নবাগত শিল্পী-পৃথ্বিরাজ, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, কাভার ডিজাইনের জন্য ইন্দ্রনীল, সাউন্ড-পার্থ বড়ুয়া, উচ্চাঙ্গসংগীতে (যন্ত্র) গাজী আবদুল হাকিম, গীতিকার বায়জীদ খুরশীদ, মিউজিক ভিডিও নির্মাতা ইজাজ খান, ছায়াছবির গানের জন্য গেরিলা। শ্রোতাদের ভোটে নির্বাচিত শিল্পীরা হলেন: আধুনিক সংগীতে আরফিন রুমী, ব্যান্ড সংগীতে শূন্য, নবাগত শিল্পী মালা, ছায়াছবির গানে ন্যান্সি, ফিউশনে হাবীব।