সিটিসেলের কাছে বকেয়া চেয়ে চীনা ব্যাংকের মামলা
দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের বিরুদ্ধে বকেয়া আদায়ে মামলা করেছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। আজ বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চে মামলাটি করা হয়।
সিটিসেলের অন্যতম অর্থায়নকারী প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। সিটিসেলের কাছে তাদের পাওনা ৩ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।
এই মামলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) বিবাদী করা হয়েছে।
চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব-উল-আলম।
বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।
প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল। বকেয়া পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিল সিটিসেল। তবে সেটি আমলে না নিয়ে আজ বুধবার থেকে অপারেটরটির কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে পাওনা আদায়ে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক মামলাটি করে।
আরও পড়তে ক্লিক করুন: