সিটিসেলের সিইও মেহবুব চৌধুরীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার মহানগর হাকিম লস্কর সোহেল রানা এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম আসামিকে আদালতে হাজির করে আদালতে এক প্রতিবেদন দেন। মামলার তদন্ত ও বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়।

অপর দিকে, মেহবুব চৌধুরীর আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ থেকে বলা হয়, আসামি অসুস্থ। ১০৩ ডিগ্রি জ্বর রয়েছে। তাঁর হার্টের সমস্যা। তিনি যখন জানতে পারেন, এ মামলা হয়েছে, তখন তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন। তিনি পলাতক থাকতে চাইলে দেশেই আসতেন না। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকেই।

দুদকের আইনজীবীরা তাঁর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আবেদন করেন। বলা হয়, তিনি অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত। আসামিপক্ষ থেকে আদালতের কাছে কাগজপত্র উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মেহবুব চৌধুরীর জামিন মঞ্জুর করেন।

গত বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান এম মোরশেদ খান, প্রতিষ্ঠানটির সিইও মেহবুব চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম রাজধানীর বনানী মডেল থানায় এ মামলা করেন। মামলায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ও এবি ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকেও আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই-বাছাই না করেই এবি ব্যাংকের মহাখালী শাখার দেওয়া প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠান। পরে তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়।

ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ৩৮৩ কোটি ২২ লাখ ৩৬৩ টাকা ১৩ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।