সিটিস্ক্যান যন্ত্রটি বিকল পড়ে আছে আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত বড় হাসপাতালোত চিকিৎসা নিবার জন্যে ভর্তি হইলাম। ভর্তি হয়া টেস্ট করিবার জন্যে বাইরোত যাইতে আসতে শরীরটা আরও ভাঙি পড়িল। শুনছি, এই যন্ত্র হাসপাতালোত থাকিয়াও খারাপ হয়া আছে।’ হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারীর জলঢাকা উপজেলার আকলিমা বেগম। হাসপাতালের অত্যাধুনিক সিটিস্ক্যান যন্ত্রটি বিকল পড়ে থাকায় গুরুতর অসুস্থ আকলিমাকে হাসপাতালের চারতলা থেকে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বাইরে। এই অবস্থায় আকলিমার মতো অনেককেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ যন্ত্রটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারীর ডোমার উপজেলার ভদ্র রানী বলেন, ‘এমনিতেই অসুস্থ শরীর। তার ওপর টানাহেঁচড়া। কষ্ট হয়।’ গাইবান্ধার মোমেনা বেগমের একজন অভিভাবক বলেন, ‘সংকটাপন্ন রোগীকে অক্সিজেন ছাড়া বাইরে নিয়ে যেতে ভয় হয়।’ রংপুরের হারাগাছের আবুজার রহমান বলেন, ‘হাসপাতালের যন্ত্র যদি খারাপ থাকে তাইলে হাসপাতালোত চিকিৎসা কেমন করি হইবে।’হাসপাতাল সূত্র জানায়, বৃহত্তর রংপুর-দিনাজপুরের আট জেলার রোগীদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৬ সালে একটি আধুনিক সিটিস্ক্যান যন্ত্র স্থাপন করা হয়। এই মেশিনে থাকা টিউবের ধারণক্ষমতা গত বছর ১৫ অক্টোবর শেষ হয়ে গেছে। ফলে যন্ত্রটি এখন পড়ে রয়েছে। টিউব স্থাপনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ গত বছরের অক্টোবরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কোনো জবাব মেলেনি।হাসপাতালের রেডিওলোজি বিভাগের প্রধান আলতাফ হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সংকটাপন্ন রোগীদের জন্য টিউবটি অবিলম্বে সরবরাহ করা প্রয়োজন।