সিডও থেকে আপত্তি তুলতে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা: মেহের আফরোজ
নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপসংক্রান্ত জাতিসংঘের সনদ বা সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আগে সরকার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে। এ কথা বলেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, কেননা কোনো মতামতকে শতভাগ উপেক্ষা করে জটিল পরিস্থিতি সৃষ্টি করলে এগিয়ে যাওয়ার গতি শ্লথ হয়ে যায়। তাই সরকার জটিলতা সৃষ্টি না করেই দুটি ধারার আপত্তি প্রত্যাহার করবে।
আজ রোববার দুপুরে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ (সিআইসি-বিডি) আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় ২০৪০ সালের আগেই বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত হবে বলেও জানান মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এই লক্ষ্যে সরকার আইনগত সংস্কার ও নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, এর মধ্যেই নারীর নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।
৫৬টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়নে গঠিত সিআইসি-বিডি প্ল্যাটফর্মের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত বছরের ৪ থেকে ৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ৬৫তম সিডও অধিবেশনে অংশ নেয়। ওই প্রতিনিধিদলের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সভায় সভাপতিত্ব করেন। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টায়ান ফ’শ, ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। বিজ্ঞপ্তি