সিডও পূর্ণ বাস্তবায়নের দাবি আন্দোলনকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডও সনদের দুটি ধারার ব্যাপারে সরকারের আপত্তি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন নারী আন্দোলনকর্মী, সাংবাদিক ও আইনজ্ঞরা। তাঁরা দ্রুত সিডও সনদের (নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।
গত মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এ দাবি জানান। তাঁরা বলেন, সরকার প্রায় তিন দশক ধরে এ সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু বাস্তবায়ন করছে না।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতিসংঘের সিডও কমিশন থেকে সংরক্ষণগুলো তুলে নেওয়ার কথা বলা হলেও বাংলাদেশ তা করেনি।
সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান বলেন, সিডও নারীর মানবাধিকার আদায়ের একটি আন্তর্জাতিক প্রক্রিয়া। তিনি বলেন, সিডও সনদের ধারাগুলোর সঙ্গে সংবিধানের কোনো মৌলিক বিরোধ নেই।
আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আইন কমিশন ইতিমধ্যে এ সনদে আরোপিত সংরক্ষণগুলো তুলে নেওয়ার সুপারিশ করেছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরী বলেন, সম্পদ-সম্পত্তিতে নারীর অধিকারের জন্য পুরুষের বিবেক ও সচেতনতা সৃষ্টি করতে হবে। সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম কারও নাম উল্লেখ না করে বলেন, রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত থাকা দুই নারী বেগম রোকেয়ার আন্দোলনের সুফল ভোগ করছেন। কিন্তু তাঁরা এ দেশে নারী আন্দোলনের প্রতিনিধিত্ব করেন না।