সিডও সনদ বাস্তবায়নে রাজনীতিবিদেরা প্রস্তুত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘সরকার বলছে, জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ বাস্তবায়নে সমাজ এখনো প্রস্তুত নয়। তবে আমার মনে হয়, সমাজ প্রস্তুত নয় না বলে, বলা উচিত ছিল “পলিটিশিয়ানরা” প্রস্তুত নন।’ গতকাল আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান আরও বলেন, ‘সিডও সনদ বাস্তবায়ন করব বলে আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করে আমরা বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারায় {২ ও ১৬.১ (গ)} বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছিল। ভেবেছিল অঙ্গীকার পূরণ করবে। তবে সেই আশা ধীরে ধীরে দুরাশায় পরিণত হচ্ছে।’ মিজানুর রহমান আরও বলেন, সনদের দুটি ধারায় সরকারের আপত্তির বিষয়ে কমিশনের পক্ষ থেকে করা এক গবেষণায় বলা হয়েছে, ধারা দুটিতে সরকারের আপত্তি বহাল থাকা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন।
‘স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় সিডও কমিটির কাছে চলতি বছরের মে মাসে সরকারের পাঠানো অষ্টম সাময়িক প্রতিবেদনের সমালোচনা করে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘সরকার সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে প্রতিবেদনে যতই ভাষার চাতুর্য দেখাক, তা ধরা পড়বে। ভাষার চাতুর্যপূর্ণ প্রতিবেদন উপস্থাপনের সময় কমিটির এক্সপার্ট সদস্যরা মৃদু মৃদু হাসতে থাকেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’
আলোচনায় বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘দেশের চুক্তি আইন, ক্রিমিনাল ল, পেনাল কোডসহ অন্যান্য আইনের ব্যাপারে ধর্মের কোনো বক্তব্য নেই। ব্রিটিশরা ২০০ বছর আগে শিখিয়ে গিয়েছে, ধর্মীয় বিষয় শুধু পারিবারিক আইনের সঙ্গে সম্পর্কিত। ২০০ বছর আগের শেখানো সেই জায়গা থেকে আমরা বের হতে পারিনি। আমরা শুধু পারিবারিক আইনে নারী-পুরুষের সমতার ক্ষেত্রে ধর্মের অজুহাত দিই। সম্পূর্ণ ধাপ্পা দেওয়ার জন্য এ ধরনের অজুহাত দেওয়া হচ্ছে।’ সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। মূল বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা। আলোচনায় অংশ নেন সাংবাদিক অদিতি রহমান এবং মিথিলা ফারজানা।