সিডও সনদ বাস্তবায়নে সমাজ এখনো প্রস্তুত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) বাস্তবায়নে, বিশেষ করে নারী-পুরুষের সমতা তৈরির অনেক ক্ষেত্রেই ‘সমাজ’ এখনো প্রস্তুত নয় বলে মনে করে সরকার। সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার, উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকারসহ বিভিন্ন বিষয়েই ধর্মীয় নেতারা সম্মত নন। তাই এ ধরনের বিষয়টি বাস্তবায়নে আরও সময়ের প্রয়োজন।
১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সিডও সনদ গ্রহণ করে। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার সনদটি অনুমোদন করে। নারী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এত বছরেও সমাজ প্রস্তুত না হলে আর কবে প্রস্তুত হবে?
এমনই এক পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর পালিত হবে আন্তর্জাতিক সিডও দিবস। দিবসটি উপলক্ষে এবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে গতকাল বুধবার দেশের ৫৪টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সরকারের কাছে দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার দাবি জানান আলোচকেরা।
জানা গেছে, সিডও কমিটিকে চলতি বছরের মে মাসে অষ্টম সাময়িক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ। প্রতিবেদনটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (ইংরেজিতে) দেওয়া আছে।
অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় নেতারা একমত না হলে এটি করা কঠিন। তা ছাড়া সমাজও প্রস্তুত নয়। তাই আরও সময় লাগবে। বাল্যবিবাহের ক্ষেত্রে বাবা-মায়ের মনমানসিকতার পরিবর্তন না হওয়াকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারীর প্রতি বৈষম্যমূলক প্রচলিত বিভিন্ন ধ্যান-ধারণা পরিবর্তনে সরকার ব্যাপক প্রচার চালাচ্ছে। কিন্তু তারপরও মানুষের মধ্যে কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানের আকাঙ্ক্ষা অনেক বেশি। পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে সমাজে নারী ও শিশুরা এখনো অবহেলিত।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা কম। ‘ট্র্যাডিশনাল জেন্ডার রোল’, পুরুষেরা নারীকে সহকর্মী হিসেবে মেনে নিতে চান না, নারীর সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালনসহ বিভিন্ন কারণে নারীরাই সরাসরি নির্বাচনে আগ্রহী হন না বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, ‘সিডও সনদ বাস্তবায়নে সমাজ এখনো প্রস্তুত নয় বা সমাজকে প্রস্তুত করতে এত দীর্ঘ সময় লাগছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। কিন্তু দেশে দীর্ঘদিন যে ধরনের সরকার ক্ষমতায় ছিল, তাদের কাছে জেন্ডার সমতার মতো বিষয়গুলো ছিল তুচ্ছ বিষয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ ধর্মপরায়ণ। আবার কিছুসংখ্যক মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করছে। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে, তাদের সেভাবে ধরা সম্ভব হয়নি। সবাইকে মনে রাখতে হবে, সমাজ পরিবর্তন বা মানুষের মনমানসিকতা পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়। বর্তমান সরকার এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
তবে এ প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, ‘১৯৯৬-৯৭ সালে সরকার যে যুক্তি দিত, ২০১৫ সালে এসে সরকার একই যুক্তি দিচ্ছে। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক। সরকারের প্রতিবেদন বলছে, নারীর সম-অধিকারের অনেক ক্ষেত্রেই সমাজ প্রস্তুত নয়। কিন্তু সমাজ কোন দিক দিয়ে পেছাল, তা প্রতিবেদনে বলা হয়নি। অন্যদিকে সমাজকে প্রস্তুত করার দায় সরকারের। প্রতিবেদনের ভাষায় সরকার জুজুর ভয়ের কথা উল্লেখ করে সমাজের কিছু অদৃশ্যমান শক্তিকে দৃশ্যমান করে দিয়েছে।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্ব নিয়ে গর্ব করি। নারীর শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রেই অগ্রগতি আছে। নারীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছারও অভাব নেই। কিন্তু সিডও প্রতিবেদনে তার প্রতিফলন দেখতে পাই না।’
জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসি সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমরা মধ্যম আয়ের দিকে অগ্রসর হচ্ছি। মধ্যম আয়ের দেশ হতে গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠীকেও সেভাবে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে। বেসরকারি পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া নারীদের বৈষম্য নিরসনে সরকারকে নজর দিতে হবে।’