সিডও সনদের কয়েকটি ধারার অনুমোদনের দাবি মহিলা পরিষদের
নারীর প্রতি সহিংসতা রোধে সিডও সনদের কয়েকটি ধারার অনুমোদন, অভিন্ন পারিবারিক আইন ও বৈষম্যমূলক সব আইন সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন শেষে এক সমাবেশে নারীনেত্রীরা এ দাবি জানান। সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মহিলা পরিষদ গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে।মহিলা পরিষদ জানায়, সংগঠনটির ৬০টি জেলা শাখা থেকে পাওয়া ও কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত ১৪টি দৈনিকের তথ্যের ভিত্তিতে দেখা গেছে, গত ছয় মাসে দেশে মোট তিন হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে মহিলা পরিষদ নারী নির্যাতন ও উত্ত্যক্তকারীকে সামাজিকভাবে বর্জন করাসহ ১৬টি সুপারিশ উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে—সিডও সনদের ধারা ২, ধারা ১৬ (১) (গ) অনুমোদন, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর বাতিলকৃত ধারা ১০(২) পুনর্বহাল, বখাটেপনা রোধে পৃথক আইন পাস ও তার বাস্তবায়ন, নারী নির্যাতন ও হত্যাকারীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়া ইত্যাদি। সমাবেশে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম সমাজ ও পরিবার থেকে ইভ টিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সমাজের বিবেক জাগ্রত করার আহ্বান জানান। সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সমাজ, পরিবার ও রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করা না গেলে মানবিক সংস্কৃতির গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে না। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, আন্দোলক সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সারাবন তহুরা। সমাবেশে প্রস্তাব পাঠ করেন আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা। সভা পরিচালনা করেন মাকসুদা আক্তার।