সিডও সনদের দুটি ধারা থেকে 'সংরক্ষণ' তুলে নেওয়ার দাবি

বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা সিডও সনদ বাস্তবায়নে সিডও কমিটির কাছে সরকারের পাঠানো প্রতিবেদনের সঙ্গে তাঁরা পুরোপুরি একমত নন। সনদ বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন আছে।
গতকাল বুধবার ৫৩টি নারী ও মানবাধিকার সংস্থার সমন্বয়ে গঠিত মোর্চা সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ আয়োজিত জাতীয় মতবিনিময় সভায় প্রতিনিধিরা এসব কথা বলেন। সভায় সনদের গুরুত্বপূর্ণ ২ ও ১৬.১ (গ) ধারা থেকে সংরক্ষণ তুলে নেওয়ার দাবি জানানো হয়। ২ নম্বর ধারায় রয়েছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। ১৬.১ (গ) ধারায় বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে।
সরকার গত বছরের এপ্রিলে সিডও কমিটির কাছে অষ্টম সাময়িক প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনের পাশাপাশি সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ সম্পূরক হিসেবে একটি ছায়া প্রতিবেদন তৈরি করেছে। চলতি মাসেই ছায়া প্রতিবেদন সিডও কমিটির কাছে পাঠানো হবে। প্রতিবেদনটিকে আরও সমৃদ্ধ করার জন্য গতকালের মতবিনিময়ের আয়োজন করা হয়।
রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘সিডও সনদ-এর পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চাই’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা সংরক্ষণ প্রত্যাহার, বৈষম্যমূলক আইন, প্রচলিত গৎবাঁধা ও নেতিবাচক চর্চা, নারী নির্যাতন, পাচার ও যৌন শোষণ, রাজনীতি ও জনজীবনে অংশগ্রহণ, নাগরিকত্ব, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, গ্রামীণ নারী, সুবিধাবঞ্চিত নারী, বিয়ে এবং পারিবারিক সম্পর্ক, অভিবাসী নারী, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, প্রচার নিয়ে বর্তমান পরিস্থিতি, সরকারের প্রতিবেদন ও ছায়া প্রতিবেদনে কী বলা হয়েছে, সেসব নিয়ে আলোচনা করেন। সভায় সঞ্চালক ছিলেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির। গতকাল তিনি জানিয়েছেন, বিশেষ কারণে উপস্থিত থাকতে পারবেন না।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ৩০ বছর পর সিডও কমিটিকে দেওয়া সর্বশেষ প্রতিবেদনে সরকার বলেছে, অভিন্ন পারিবারিক আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সমাজ এখনো প্রস্তুত নয়। এটি সবার জন্য অসম্মানজনক। তিনি বলেন, এই মুহূর্তে সিডও সনদের দুটি ধারা থেকে সংরক্ষণ তুলে ফেলা হোক। সংরক্ষণ আর কোনোভাবেই রাখা যাবে না। এ সংরক্ষণ শাসনতন্ত্র ও সংবিধানবিরোধী।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সরকারের ওপর চাপ তৈরির জন্য কমিশনের পক্ষ থেকেও একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, সনদে সংরক্ষণ রাখার কোনো আইনি যৌক্তিকতা নেই। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিতে কোনো রাষ্ট্র অবজারভেশন বা সংরক্ষণ দিতে পারে। তবে সনদের মূল উদ্দেশ্য ব্যাহত হয়, সে ধরনের ধারায় সংরক্ষণ দেওয়ার নিয়ম নেই। সিডও সনদ সব ধরনের বৈষম্য দূর করার কথা বলছে। অথচ সরকার বৈষম্য নিরসনের দুটি গুরুত্বপূর্ণ ধারায় সংরক্ষণ রেখে দিয়েছে।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউএন) মোস্তাফিজুর রহমান, ইউএনডিপির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা মিকা কানেভাভোওরি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার অতিথি হিসেবে বক্তব্য দেন।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হামিদা হোসেন, সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, অক্সফাম বাংলাদেশের দেশীয় পরিচালক স্নেহাল ভি সোনিজি, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, সাংসদ শিরিন আখতার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, ব্র্যাকের পরিচালক শিফা হাফিজা, অ্যাকশন এইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরি, কেয়ার বাংলাদেশের পরিচালক হোমায়রা আজিজ, নারীপক্ষের সদস্য রীতা দাশ রায়, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী সমন্বয়ক দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম ও বারসিকের সমন্বয়ক ফেরদৌসি আক্তার আলোচনায় অংশ নেন।