মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করা খুব শিগগির সম্ভব হবে। সরকার নারীর মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক বিল হিসেবে সিডও সনদের দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার এবং পূর্ণ বাস্তবায়নের ব্যাপারে খুবই আন্তরিক।
আজ বুধবার আন্তর্জাতিক সিডও (নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
দেশের ৪৭টি বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে। দ্য ডেইলি স্টার কার্যালয়ে ‘সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চাই’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
সভায় অংশ নেন আইন কমিশনের সদস্য এম শাহ আলম, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, জাতিসংঘ সিডও কমিটির সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, নারীনেত্রী মমতাজ বেগম, মালেকা বানু, ফারাহ কবীর, জাকিয়া কে হাসান, রোকেয়া কবীর, রোকেয়া রফিক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন এবং সাংসদ শিরীন আক্তার, ছবি বিশ্বাস, লুত্ফা তাহের, সেলিনা জাহান, রেবেকা মমিন, ফজিলাতুন্নেছা ইন্দিরা, তালুকদার মো. ইউনুস প্রমুখ।
সভায় বলা হয়, ১৯৮৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশ সরকার সনদটি অনুমোদন করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে সনদের ২ নম্বর এবং ১৬.১ (গ) ধারায় সরকার নারাজি দিয়ে রেখেছে। ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে রাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। সনদের ১৬.১ (গ) ধারায় বিবাহ করা ও বিবাহ বিচ্ছেদের সময় নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।
আলোচকেরা বলেন, সনদের দুটি ধারায় সংরক্ষণ থাকায় বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, সম্পদের উত্তরাধিকার ইত্যাদি ক্ষেত্রে নারীর সম-অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন বৈষম্যমূলক আইন সংশোধন করা যাচ্ছে না। অথচ দেশের সংবিধানের বিভিন্ন ধারা-উপধারায় নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা হয়েছে। সংরক্ষণ প্রত্যাহারের পর বাস্তবায়নের জন্য কর্মকৌশল এবং এর বিরুদ্ধে যেসব গোষ্ঠী প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, তাদের যৌথভাবে মোকাবিলার কৌশল নির্ধারণের বিষয়ে আলোচকেরা গুরুত্ব দেন।