সম্মেলনে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
সিডও সনদের সংরক্ষিত ধারাগুলো অনুমোদন সরকারের বিবেচনাধীন
দেশে নারীর অধিকার আদায়ে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সরকার এখনো জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করেনি। ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের বৈষম্য বিলোপ করে সমঅধিকার প্রতিষ্ঠা হয়নি আজও।গতকাল বুধবার ৩৮টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও বাংলাদেশ আয়োজিত সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বক্তারা সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবারও আহ্বান জানান। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরারও আহ্বান জানান তাঁরা। সনদের ধারা দুই এবং ধারা ১৬.১ (গ) এখনো বাংলাদেশ অনুমোদন করেনি।সম্মেলনের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সিডও সনদের সংরক্ষিত ধারাগুলো অনুমোদনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। জাতীয় নারী উন্নয়ন নীতি শিগগিরই ঘোষণার আশ্বাস দেন তিনি।সম্মেলনের সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, আজ থেকে প্রায় ২৬ বছর আগে সিডও সনদের পূর্ণ অনুমোদনের দাবি তোলা হয়। বিভিন্ন সরকার অনুমোদন দেবে—এ আশা করতে করতে এ পর্যায়ে আসতে হয়েছে। সম্মেলনে সিডও বিকল্প প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন এবং উইমেন ফর উইমেনের সদস্য রওশন জাহান। এ ছাড়া সিডও বিকল্প প্রতিবেদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মানবাধিকার ও নারী আন্দোলনকর্মী সালমা খান, রাশেদা কে চৌধুরী, শিপা হাফিজা, শাহীন আনাম, সালমা আলী, রোকেয়া কবীর, নিতাই কান্তি দাস, নাহিদ এম আহমেদ, মাহীন সুলতান, মাহমুদা ইমাম, আশরাফুন্নাহার ও ফেরদৌসী আক্তার। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। উল্লেখ্য, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০৯ সালের ডিসেম্বর মাসে ষষ্ঠ ও সপ্তম সিডও প্রতিবেদন ইউএন সিডও কমিটিতে পাঠিয়েছে। কমিটির কাছে বিকল্প প্রতিবেদনটিও পাঠানো হয়েছে। ২৫ জানুয়ারি জেনেভায় বাংলাদেশের প্রতিবেদনের ওপর আলোচনা হবে।