সিডওর দুটি ধারা থেকে আপত্তি তুলবে না সরকার
জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডওর গুরুত্বপূর্ণ দুটি ধারা (২ ও ১৬.১.গ) থেকে আপত্তি তুলবে না বলে সিডও কমিটিকে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। যুক্তি হিসেবে বলেছে, দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। ধর্মীয় অনুশাসন মেনে তালাক ও সম্পত্তি বণ্টন হয়। ভবিষ্যতে আপত্তি তুলে নেওয়া হবে, এবার সে ধরনের কোনো অঙ্গীকারও করেনি সরকার।
গত ৮ নভেম্বর জেনেভায় বাংলাদেশ সরকারের অষ্টম প্রতিবেদন পর্যালোচনা করে সিডও কমিটি। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের পক্ষ থেকে এ বক্তব্য জানানো হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সিডও সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে।
সিডও কমিটির সভায় সরকারি ও বেসরকারি মিলে প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। দেশে ফিরে সরকারের এবারের ভূমিকায় বেসরকারি প্রতিনিধিরা প্রথম আলোর কাছে তাঁদের ‘হতাশা’ প্রকাশ করেছেন। বলছেন, দীর্ঘদিনের নারী আন্দোলনের চলার পথে তাঁরা হোঁচট খেলেন।
জাতিসংঘ ১৯৭৯ সালে সনদ বা দলিলটি গ্রহণ করে। ১৯৮১ সাল থেকে তা কার্যকর হয়। ১৯৮৪ সালে বাংলাদেশ সনদটি অনুসমর্থন করে। তবে কোরআন ও সুন্নাহবিরোধী বলে বাংলাদেশ সরকার দুটি ধারায় আপত্তি দিয়েছিল, এখনো তা বহাল আছে।
অষ্টম প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিটি যে সমাপনী মন্তব্য ও সুপারিশ দিয়েছে তাতে বলেছে, বাংলাদেশ সরকার বারবার আপত্তি তুলে নেবে বলে অঙ্গীকার করলেও কোনো পদক্ষেপ নেয়নি। সুনির্দিষ্ট সময়ের মধ্যে এ আপত্তি প্রত্যাহারের সুপারিশ পুনর্ব্যক্ত করে কমিটি।
গত বছরের মে মাসে সিডও কমিটির কাছে অষ্টম সাময়িক প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ। তাতে সরকার উল্লেখ করে—সনদ বাস্তবায়নে, বিশেষ করে নারী-পুরুষের সমতা তৈরির অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সমাজ এখনো প্রস্তুত নয়। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকার এবং উল্লিখিত দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়াসহ বিভিন্ন বিষয়েই ধর্মীয় নেতারা সম্মত নন। তাই এ ধরনের বিষয়টি বাস্তবায়নে আরও সময়ের প্রয়োজন।
আইন কমিশনের সুপারিশ আমলেই নেয়নি সরকার: ২০১৩ সালে দুটি ধারা থেকে আপত্তি তুলে নিতে আইন কমিশন যে সুপারিশ দিয়েছিল, তা সরকার আমলে নেয়নি। সুপারিশে বলা হয়েছিল, ধারা ২-এর পুরোটা এবং ১৬ (১) গ কীভাবে কোরআন ও সুন্নাহবিরোধী হলো, বাংলাদেশ তার কোনো ব্যাখ্যা দেয়নি। একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো মুসলিম রাষ্ট্র ২ ধারার পুরোটা কোরআন-সুন্নাহবিরোধী বলে চিহ্নিত করে তা প্রত্যাখ্যান করেনি। কমিশনের মতে, ধারা ১৬ (১) গ ধারাটিকেও সম্পূর্ণভাবে কোরআন ও শরিয়াহবিরোধী বলা যাবে না। কারণ, দেশে প্রচলিত আইন অনুযায়ী নারীরও অনেক অধিকার রয়েছে।
কমিশনের সুপারিশে সিডও কমিটির কাছে বাংলাদেশ কী বলতে পারে, তা–ও উল্লেখ করে বলা ছিল, বাংলাদেশ বলতে পারে যে, সনদের দুটি ধারা থেকে শর্ত প্রত্যাহার করা হয়েছে। তবে ধারা দুটির শর্তাবলি প্রয়োগে বাংলাদেশ তার সংবিধান ও প্রচলিত আইনের বিধানাবলির সঙ্গে সামঞ্জস্য বিধান করবে।
সরকারের কাছে সুপারিশ জমা দেন কমিশনের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম। বর্তমানে কমিশনের সদস্য শাহ আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল, আপত্তি তুলে নিলে কোনো কিছুর ব্যত্যয় ঘটবে না।
সিডও কমিটি সরকারি প্রতিবেদনের পাশাপাশি এনজিওগুলোর কাছ থেকে ছায়া প্রতিবেদন গ্রহণ করে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কমিটিকে এবার আলাদা প্রতিবেদন দেওয়া হয়।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেদনে স্পষ্ট করে আপত্তি তুলে নেওয়া জরুরি বলে উল্লেখ করেছি। বেসরকারি সংগঠনের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনেও একই কথা ছিল।’
দেশের ৫৪টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও বাংলাদেশের সচিবালয় হিসেবে কাজ করছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। এ সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, সরকার এবার কোনো অঙ্গীকার না করায় নারী ও মানবাধিকারকর্মীদের জন্য বিষয়টি অনেক বেশি ‘চ্যালেঞ্জিং’ হয়ে গেল।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খুব হতাশ। এখন সিডও কমিটির সমাপনী মন্তব্য ও সুপারিশকে হাতিয়ার হিসেবে নিয়ে সামনে অগ্রসর হতে হবে।’