সিডনিতে এলোহা আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা আজ
অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্রেট হলে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে এলোহা আন্তর্জাতিক গণিত ও মানসাঙ্ক প্রতিযোগিতা-২০১২। এতে অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, স্পেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের ৪৩ জন শিক্ষার্থী রয়েছে। এলোহা (অ্যাডভান্স লার্নিং অব হায়ার এরিথমেটিক) বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে বাছাই করা শ্রেষ্ঠ প্রতিযোগীরাই এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ওই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীর ২৮০টি স্কুল থেকে ৬৩৩ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম প্রথম আলোকে বলেন, এই প্রতিযোগিতায় ক্যালকুলেটর, কম্পিউটার বা কোনো ধরনের যন্ত্র ছাড়াই ৭০টি অঙ্ক পাঁচ মিনিটে সমাধান করতে হবে।