সিডনিতে সাবেক সঙ্গীসহ বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
অস্ট্রেলিয়ার সিডনির স্মিথ ফিল্ড এলাকার একটি বাড়ি থেকে গত রোববার বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসমিন বাহার (৩৫) ও তাঁর সাবেক সঙ্গী ডেভ পিল্লাই।
সিডনি মর্নিং হেরাল্ড এ খবর জানিয়েছে। তবে তাসমিনের বাড়ি বাংলাদেশের কোথায় বা তাঁর পরিবার সম্পর্কে আর কোনো তথ্য জানায়নি পত্রিকাটি।
পারিবারিক সূত্র জানায়, ডেভ পিল্লাইয়ের সঙ্গে সম্প্রতি তাসমিন বাহারের বিচ্ছেদ ঘটে। এরপর তিন বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে স্মিথ ফিল্ডের যে বাড়িতে তাঁরা একসঙ্গে থাকতেন, সেখান থেকে চলে আসেন তাসমিন। কিন্তু তা সত্ত্বেও তাসমিন গত রোববার মেয়েকে নিয়ে ওই বাড়িতে যান। হয়তো দিনটি বাবা দিবস ছিল বলেই। ওই দিনই দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটির গোসলখানায় মেলে তাসমিন ও ডেভের লাশ। তাঁদের মেয়েটিকে ওই বাড়িতেই ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। সে সম্পূর্ণ অক্ষত আছে।
পুলিশের ধারণা, একজনকে মেরে অপরজন আত্মহত্যা করে থাকতে পারে।
তাসমিনের বোন শারাগিন বাহার বলেন, ‘আমরা সবাই তাঁকে (তাসমিন) ওই বাড়িতে যেতে মানা করেছিলাম। কিন্তু দিনটি “বাবা দিবস” হওয়ায় কারও বারণ তিনি শোনেননি।’