সিডর ও আইলার পর এবার শীত
খুলনার দাকোপ ও কয়রা, বাগেরহাটের মংলা এবং বরগুনায় ঘূর্ণিঝড় সিডর ও আইলাদুর্গত হাজার হাজার মানুষ তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই দুর্যোগের পর ঘর তুলতে পারেনি, থাকে বাঁধের ওপর খুপরিঘরে। শীতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ায় জেলে, দিনমজুর, ছিন্নমূল ও শ্রমিক শ্রেণীর মানুষের রোজগারের পথও প্রায় বন্ধ। আর শীতবস্ত্রের অভাব তাদের দুর্ভোগ আরও প্রকট করে তুলেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: বরগুনার পায়রা নদীর তীরের পাতাকাটা, দক্ষিণ পাতাকাটা, পালের বালিয়াতলীসহ লাগোয়া কয়েকটি গ্রাম ঘূর্ণিঝড় সিডর ও আইলায় লন্ডভন্ড হয়ে গিয়েছিল। এসব গ্রামের কয়েক হাজার লোক গৃহহীন হলেও পরে আর মাথা গোঁজার জন্য ঘর তুলতে পারেনি। কোনো রকম খুপরিঘর তুলে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। একই অবস্থা পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরের গ্রাম পদ্মা, ভাঙন, জীনতলা, বাদুড়তলা, হরিণবাড়িয়া; বরগুনা সদরের বিষখালী নদীতীরের গ্রাম সোনাতলা, নিশানবাড়িয়া, গর্জনবুনিয়া, মাছখালী, ডালভাঙা; বদরখালীর পাতাকাটা বুড়িরচর ইউনিয়নের লবণগোলা ও গোলবুনিয়া এলাকায়। শীতকষ্ট এসব এলাকার সিডর ও আইলায় গৃহহীন মানুষের মানবেতর জীবনযাপনে নতুন ভোগান্তি হয়ে দেখা দিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, তীব্র শীতে পদ্মা গ্রামে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে কষ্টে আছে। অনেকে শীতজনিত রোগে ভুগছে। শীতের কবল থেকে বাঁচার জন্য এসব এলাকার মানুষের পর্যাপ্ত গরম কাপড় নেই। খুলনা: আইলাদুর্গত দাকোপ ও কয়রা উপজেলার হাজার হাজার মানুষ তীব্র শীতে মানবেতর জীবন কাটাচ্ছে। গত কয়েক দিনের অব্যাহত শৈত্যপ্রবাহে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট অসহনীয়। দাকোপের টিকাপাড়া এলাকার গৃহিণী মোমেনা খাতুন জানান, তীব্র শীতের কারণে একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউপির সদস্য নিশীত রঞ্জন মিস্ত্রী জানান, আইলাদুর্গত কয়রার প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ এখনো বাড়ি ফিরতে পারেনি। তীব্র শীতে এখনো তারা বেড়িবাঁধের ওপর দিন কাটাচ্ছে। শীতবস্ত্রের অভাবে তাঁরা দিনের পর দিন কষ্ট পাচ্ছে। মংলা (বাগেরহাট): আইলায় বাগেরহাটের মংলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল চিলা ইউনিয়নের পশুর নদী-সংলগ্ন জয়মনি থেকে চিলা বাজার পর্যন্ত জেলেপল্লির। এখানে প্রায় তিন হাজার জেলে পরিবারের বসবাস। গতকাল বুধবার সকাল নয়টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ জেলে পরিবারের লোকজন তীব্র শীতে প্রচণ্ড কষ্টে আছে। পুরোনো ছেঁড়া কাঁথা দিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছে। জয়মনি এলাকার জেলে সালাম, কাদের, রবসহ কয়েকজন জানান, তীব্র শীতে তাঁরা নৌকা-জাল নিয়ে নদীতে যেতে পারছেন না। এ কারণে দুদিন ধরে তাঁরা অর্ধাহারে আছেন।সাতক্ষীরা: আইলাদুর্গত শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের মানুষ শীতে যারপরনাই কষ্ট পাচ্ছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট আরও বেশি। অনেকেই শীতজনিত রোগে ভুগছে। আইলায় ওই দুটি ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ গৃহহীন হয়। তাদের অনেকেই নতুন করে ঘর নির্মাণ করতে পারেনি। খুপরি করে কোনো রকমে বসবাস করছে।পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের আবদুর রশিদ মোড়ল (৫৭) জানান, পরিবার নিয়ে বর্তমানে তিনি বেড়িবাঁধে টংঘরে বসবাস করছেন। তীব্র শীত আর ঠান্ডা হাওয়া তাঁদের দুর্দশা অনেক বাড়িয়ে দিয়েছে। কামালাকাটি গ্রামের বৃদ্ধ রোকেয়া খাতুন ও ফাতেমা খাতুন জানান, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। শীতের কাপড় না থাকায় ঘর থেকে বের হতে পারছেন না। গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আবদুল করিম গাজী (৬২) জানান, চারদিকে নদীবেষ্টিত এই ইউনিয়নের অধিকাংশ মানুষ শীতে অনেক কষ্টে দিন কাটাচ্ছে।