সিডরে ক্ষতিগ্রস্ত জিয়ানগরের সেতুগুলো সংস্কার হয়নি
ঘূর্ণিঝড় সিডরের দুই বছর পরেও পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সেতুগুলো সংস্কার করা হয়নি। এতে এসব এলাকার মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। সরেজমিনে দেখা যায়, জিয়ানগর উপজেলার কালাইয়া খালের ওপর নির্মাণ করা সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। ঘূর্ণিঝড় সিডরের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এখনো সেতুটি এ অবস্থায়ই পড়ে আছে।সেতুর পাশের সাইদখালী এলাকার কলেজছাত্র হাবিবুল্লা জানায়, সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় তারা এক কিলোমিটার দূরের (ঘুরপথে) আরেকটি সাঁকো পার হয়ে বাড়িতে যায়। সে আরও জানায়, সাঁকোর পাশেও একটি সেতু ছিল। সেটিও সিডরে ভেঙে যাওয়ার পর স্থানীয় জনগণ নিজেদের চেষ্টায় সাঁকোটি তৈরি করেছে। মোল্লাবাড়ীর কাছের ওই সাঁকো-সংলগ্ন এলাকার সোহরাব মিয়া বলেন, ‘মোর মাইয়া (আমার মেয়ে) সাদিয়া চার (সাঁকো) পাড়াইতে যাইয়া খালে পইররা গ্যালহে (সাঁকো থেকে খালে পড়ে গিয়েছিল)। দুই পারের মানুষ মোর মাইয়ারে উদ্ধার করছে।’ঘূর্ণিঝড় সিডরের আঘাতে উল্লিখিত এলাকার দুটি সেতু ছাড়াও ইন্দুরকানী সেতু, মুন্সিরহাট প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতু, পথেরহাট বাজারসংলগ্ন খালের সেতু, ইন্দুরকানী বাজারসংলগ্ন ভারানী খালের সেতু, কালাইয়া আজাহার আলী হাওলাদারের বাড়িসংলগ্ন সেতু, কালাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য সতীশ মণ্ডলের বাড়ির সামনের সেতু ও চারাখালী এলাকার সেতু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আজ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুগুলো সংস্কারের উদ্যোগ নেয়নি। চারাখালী এলাকার খাদ্যগুদামের কর্মকর্তা আব্দুর রব জানান, পণ্য বোঝাই গাড়ি উঠলে এই সেতু কাঁপতে থাকে। সেতুটি মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফ্ফার জানান, সেতু সংস্কার না করার কারণে মানুষের চলাচলের ভোগান্তির বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনকে জানিয়েছি; কিন্তু কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী শরীফ আমিনুল ইসলাম জানান, সিডরে ক্ষতিগ্রস্ত সেতুগুলোর বিষয়ে নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) পিরোজপুরের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। শিগগিরই সেতুগুলো সংস্কারের জন্য বরাদ্দ আসবে। বরাদ্দ এলে দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে।