সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের পাড়ের ভাঙা বেড়িবাঁধের প্রায় ৫০০ মিটার অংশ গতকাল মঙ্গলবার স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন। ২০০৭ সালের সিডরে বাঁধটির ব্যাপক ক্ষতি হয়েছিল। দীর্ঘদিনেও মেরামত না করায় বাঁধটি ঝুঁকির মধ্যে ছিল।সকালে গ্রামের প্রায় দেড় শ নারী-পুরুষ বাঁধের সংস্কারকাজ শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত কাজ করে তাঁরা ৫০০ মিটার বাঁধ সংস্কার করেন। সততা গণসংগঠন নামের গ্রামবাসীর একটি সংগঠন এ কাজের উদ্যোক্তা। সংগঠনটির সভানেত্রী রুশিয়া বেগম জানান, সিডরে বাঁধটি ভেঙে এই এলাকার ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে বাঁধটি ঝুঁকির মধ্যে থাকায় তাঁরা উদ্যোগী হয়ে সংস্কারকাজ শুরু করেছেন। বাঁধ সংস্কারের সময় পশুরবুনিয়া গ্রামের আলেয়া বেগম বলেন, ‘সরকার বা চেয়ারম্যান কেউ কাম করায় না। উপায় না পাইয়া নিজেরাই কামে নাইমা পড়ছি।’