সিডরে নিখোঁজ আরেক জেলের সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার এমাদুল মাঝি (৩২) নামের আরেক জেলেকে বৃহস্পতিবার রাতে খুঁজে পেয়েছেন তাঁর স্বজনেরা। তাঁকেও বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা বাজার থেকে পাওয়া গেছে।এর আগে সিডরে নিখোঁজ পাথরঘাটার জেলে ইব্রাহিমকে মঙ্গলবার বিকেলে ও সোহাগকে বুধবার বিকেলে ওই একই বাজারে সন্ধান পান তাঁর স্বজনেরা। ফিরে আসা অপর দুই জেলের মতো এমাদুল মাঝির কথাবার্তাও অসংলগ্ন এবং তাঁকে দেখতে অস্বাভাবিক। এমাদুল মাঝি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আহসান কবীর বলেন, ‘এমাদুল মাঝিকে তাঁর মা মমতাজ বেগম ও স্ত্রী জেসমিন বেগম শনাক্ত করেছেন। তা ছাড়া আমি খোঁজ নিয়ে জেনেছি, ফিরে আসা ওই ব্যক্তিই সিডরে নিখোঁজ মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এমাদুল মাঝি।’ এমাদুল মাঝির স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমার দেড় বছরের শিশুপুত্র রেখে ওর বাবা সাগরে মাছ ধরতে গিয়ে সিডরে নিখোঁজ হয়েছিলেন। আজ (শুক্রবার) তিনি ফিরে আসায়, আমার ছেলে ওর বাবাকে ফিরে পেয়েছে।’