সিডরে নিখোঁজ জেলেকে ফিরে পেল তাঁর পরিবার
ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হওয়ার দীর্ঘ চার বছর পর এক ব্যক্তিকে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। সাগরে মাছ ধরার সময় সিডরের আঘাতে সঙ্গী অন্য জেলেদের সঙ্গে তিনিও নিখোঁজ হন।গতকাল মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া বাজারের একটি দোকানে বসে নিখোঁজ ছোট ভাই জাকির হোসেনকে এত দিন পর খুঁজে পাওয়ার কাহিনি বর্ণনা করছিলেন আরিফুর রহমান। তাঁর ভাষায়, ‘কয় দিন আগে সিডরে নিখোঁজ মোগো এলাকার কয়েকজন জাইল্লার খোঁজ পাওয়ার পর মোরা জাকিরের ছবি দিয়া লিফলেট ছাড়ি। কয় দিন পর একটা ফোন পাই। একজন জানায়, লিফলেটের ছবির নাহান একজনকে হ্যারা জিয়ানগরের ঘোষের হাটে ঘোরতে দ্যাখছে। হের পর মুই যাইয়া ওরে চিইন্না বাড়ি রওয়ানা দেই।’ জাকির ও আরিফুরদের বাড়ি বরগুনার পাথরঘাটার তাফালবাড়িয়া গ্রামে। হারানো ভাই জাকিরকে খুঁজে পাওয়ার কথা জানিয়ে আরিফুর জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হন জাকির। সমপ্রতি সিডরে নিখোঁজ কয়েকজন জেলের সন্ধান পাওয়ার পর পরিবারের সদস্যরা জাকিরের ছবি, ঠিকানা, শনাক্তকরণ চিহ্ন ও যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর উল্লেখ করে প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র দেখে গত সোমবার এক ব্যক্তি ফোন করে জানান, জাকির বেঁচে আছেন।