সিডরে নিখোঁজ দুজনকে খুঁজে পেলেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার জেলে ইব্রাহিম (২২) ও সোহাগকে (২১) খুঁজে পেয়েছেন স্বজনেরা। বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা বাজারে তাঁদের সন্ধান পেয়ে পরিবারের লোকজন বাড়ি নিয়ে এসেছেন।সিডরে নিখোঁজ পাথরঘাটার কয়েকজন জেলেকে অস্বাভাবিক বেশে তেরাবেকা বাজার ঘুরতে দেখা গেছে—এমন খবরে ইব্রাহিম ও সোহাগকে খুঁজে পান তাঁদের স্বজনেরা। ওই দুজনের বাড়ি বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের মঠেরখাল গ্রামে। ২০০৭ সালের ১১ নভেম্বর ট্রলারযোগে সাগরে মাছ ধরতে গিয়ে সিডরে তাঁরাসহ ১৪ জন জেলে নিখোঁজ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলার সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমাদুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে পাগল বেশে ওই দুজনকে তেরাবেকা বাজারে ঘুরতে দেখা গেছে। ছয় বোনের একমাত্র ভাই ইব্রাহিমকে ফিরে পেয়ে খুশিতে আনন্দের বন্যা বইছে গোটা পরিবারে। একই অবস্থা সোহাগের বাড়িতেও। নিখোঁজ জেলে ফিরে এসেছেন—এ খবর শুনে পাথরাটার জিনতলা, চরলাঠিমারা, রূহিতা ও পদ্মা গ্রামের সিডরে নিখোঁজ জেলে পরিবারের স্বজনেরা ওই বাড়িতে ভিড় করছেন। বাড়িতে গিয়ে দেখা গেছে, ইব্রাহিমের বোন হাজেরা বেগম তাঁকে হাতপাখা দিয়ে বাতাস করছেন, আর তিনি খাটের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। পাশে পরিবারের স্বজনেরা অপলক দৃষ্টিতে চেয়ে আছেন তাঁর দিকে। সোহাগকে ঘিরে রেখেছেন ভাইবোন, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী। তবে ইব্রাহিম ও সোহাগ কারও সঙ্গেই তেমন কোনো কথাবার্তা বলছেন না, শুধু অপলক দৃষ্টিতে আত্মীয়স্বজনদের দিকে চেয়ে থাকেন। মাঝেমধ্যে কিছু কথাবার্তা বললেও প্রায় সময়ই অসংলগ্নভাবে কথা বলেন। ইব্রাহিমের বাবা ইউসুফ মিস্ত্রি বলেন, ইব্রাহিমের ছবি নিয়ে শরণখোলার তেরাবেকা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনকে দেখালে তাঁরা ইব্রাহিম নামের ওই ছবির লোককে বাজার এলাকায় অগোছালোভাবে ঘুরতে দেখেছেন বলে জানান। পরে ওই বাজারেই তাঁকে খুঁজে পাওয়া গেছে। সোহাগের চাচা কবির কাজী বলেন, ইব্রাহিমকে তেরাবেকা বাজারে খুঁজে পাওয়া গেছে—এ কথা শোনার পর সোহাগকে খুজতে তাঁরাও তেরাবেকা বাজারের যান। ওই বাজারেই সোহাগের সন্ধান পাওয়া গেছে। ইব্রাহিমের বড় বোন পাখি বেগম বলেন, ‘আদরের একমাত্র ভাইকে খুঁজে পেয়েছি—এটাই বড় সান্ত্বনা। সে পরিবারের সবার কথা খেয়াল করে শোনে এবং দুচোখ দিয়ে শুধু পানি ছেড়ে দেয়। খাওয়াদাওয়া তেমন একটা করছে না। কথাবার্তাও অসংলগ্ন।’ চরদুয়ানি ইউপি সদস্য ছগির হোসেন বলেন, ইব্রাহিমের মা রিজিয়া বেগম ও সোহাগের বাবা সোহরাব কাজী তাঁদের শনাক্ত করেছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুঠোফোনে বলেন, ইব্রাহিম ও সোহাগের স্নায়ুরোগ ও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা প্রয়োজন। তাহলে তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।